‘ইউআইইউ মেরিনার’ টিম মেট রোভ প্রতিযোগিতায় এশিয়ায় চ্যাম্পিয়ন

আপডেট : ২৫ জুন ২০২৫, ১০:০৪ পিএম

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র ‘ইউআইইউ মেরিনার’ টিম যুক্তরাষ্ট্রের মেরিন টেকনোলজি সোসাইটি দ্বারা আয়োজিত মেট রোভ কম্পিটিশন ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের পাইওনিয়ার ক্লাসে এশিয়ায় চ্যাম্পিয়ন এবং  বিশ্বব্যাপী ৫ম স্থান অর্জন করেছে। এছাড়াও দলটি টেকনিক্যাল ডকুমেন্টেশনে চ্যাম্পিয়ন দল হিসেবে মনোনীত হয়। প্রতিযোগীতার ফাইনাল রাউন্ড ১৭-২১ জুন মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের আলপেনার থান্ডার বে ন্যাশনাল মেরিন স্যাঙ্কচুয়ারিতে অনুষ্ঠিত হয়। 

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র অ্যাডভান্সড আন্ডারওয়াটার রোবোটিক্স অ্যান্ড অটোমেশন (এইউআরএ) ক্রু রোভ নির্মান করে আন্তর্জাতিক মঞ্চে তা প্রদর্শন করে। প্রতিযোগীতায় প্রতিটি দলকে আটটি মানদণ্ডের ভিত্তিতে মূল্যায়ন করা হয়েছিল: পণ্য প্রদর্শন, প্রকৌশল উপস্থাপনা, টেকনিক্যাল ডকুমেন্টেশন, বিপণন প্রদর্শন, সহযোগিতামূলক মিশন, কোম্পানির স্পেসিফিকেশন, কর্পোরেট রেস্পন্সিবিলিটি এবং সেফটি। ‘ইউআইইউ মেরিনার’ দলটি পাইওনিয়ার ক্লাসের ১৩টি বিশ্বব্যাপী চূড়ান্ত দলের মধ্যে ৩৭৭ স্কোর পেয়ে সামগ্রিকভাবে ৫ম এবং এশিয়ায় ১ম স্থান অর্জন করেছে। এছাড়াও প্রতিযোগিতায় ইউআইইউ টিম  ১০০ স্কোরের মধ্যে ৮১ স্কোর করে সেরা টেকনিক্যাল ডকুমেন্টেশন চ্যাম্পিয়ন হয়।

বিজয়ী ইউআইইউ দলটির তত্বাবধানে ছিলেন বিশ্ববিদ্যলয়টির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনয়ারিং’র প্রফেসর এমেরিটাস ড. এম রিজওয়ান খান, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রফেসর ড. এ.কে.এম মুজাহিদুল ইসলাম, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের প্রভাষক ফাহিম হাফিজ এবং প্রভাষক সাইফুর রহমান। ইউআইইউ থেকে ১০ জনের একটি টিম উক্ত প্রতিযোগীতায় অংশগ্রহণ করে। এই প্রকল্পের টিম লিডার হলেন ইউআইউ’র সিএসই বিভাগের শিক্ষার্থী আনিকা তাবাসসুম অর্চি (প্রকল্প ব্যবস্থাপক) এবং একই বিভাগের শিক্ষার্থী ফারহান জামান (গবেষণা ও উন্নয়ন)।

মেট রোভ কম্পিটিশন ২০২৫ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের গ্র্যান্ড ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, মিশর, বাংলাদেশ এবং মেক্সিকো সহ বিভিন্ন দেশের মোট ১৩টি দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে ‘ইউআইইউ মেরিনার’ দল। উক্ত প্রতিযোগীতায় ‘ইউআইইউ মেরিনার’ দলটি পাইওনিয়ার ক্লাসে বিশ্বব্যাপী ৫ম এবং এশিয়ায় ১ম স্থান অর্জনের এই সাফল্য কেবল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জন্য নয়, বাংলাদেশের জন্যও একটি গর্বের বিষয়, একই সাথে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ও ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত