মাগুরায় রাইসকুকারে ভাত রান্না করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মা ও সাত মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে সদর উপজেলার টিলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গৃহবধূ সেতু আক্তার (৩০) ও তার ৭ মাস বয়সী সন্তান আনিশা। নিহতরা ওই গ্রামের আওয়াল মোল্যার স্ত্রী ও সন্তান।
নিহতদের আত্মীয় রিপন বিশ্বাস জানান, সকালে নিজ বাড়িতে রাইসকুকারে ভাত রান্না করছিলেন গৃহবধূ সেতু। হঠাৎ করে তিনি বিদ্যুতায়িত হয়ে পড়েন। এ সময় কোলে থাকা শিশু আনিশাও মায়ের সঙ্গে বিদ্যুতের সংস্পর্শে আসে। পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ওমর ফারুক বলেন, ‘সকাল ৯টার দিকে মা তার শিশুসন্তানসহ ইলেকট্রিক বার্ন হয়। হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে আমরা পরীক্ষা-নিরীক্ষা করে দেখি, তারা আগেই মারা গেছে। তাদের শরীরে একাধিক স্থানে পোড়া চিহ্ন রয়েছে।’
এ বিষয়ে মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী বলেন, ‘নিহতদের পরিবারের সদস্যদের বক্তব্য অনুযায়ী সকালে রাইসকুকারে রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের মৃত্যু হয়।’ তবে বিষয়টি পুলিশি তদন্ত করে দেখা হবে বলে জানান তিনি।
