বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে বেঁদে সম্প্রদায়ের সদস্যদের বহনকারী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে দুই নারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় কমপক্ষে ২১ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ জুন) বিকেলে উপজেলার বামরাইল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার খবিয়া গ্রামের সবুজের স্ত্রী তুফানী (৩৫), শরীয়াতপুরের পালং থানার চরদংশা গ্রামের তৈহিদুল ইসলামের স্ত্রী রাজিয়া (৪০)। এ সময় বহরে থাকা আনিরুল (২) আনিসা (৫), নাসিমা (৮), শারমিন (৩০), রহিমা (৪৫), নামক ৫ জন গুরুতর আহত হয়ে উজিরপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, বিকেল সাড়ে ৪টার দিকে বরিশালগামী ট্রাকটি দুর্ঘটনাস্থলে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের পুকুরে পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উল্টে যাওয়া ট্রাক থেকে ২৩ জনকে উদ্ধার করেন। তাদের সবাইকে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাইবার হামলায় ইসরায়েলি সামরিক প্রযুক্তির গোপন নথি ফাঁস