এইচএসসি পরীক্ষার প্রথম দিনেই কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ২ হাজার ৪২৮ শিক্ষার্থী, বহিষ্কার ৩

আপডেট : ২৬ জুন ২০২৫, ০৭:১৬ পিএম

কুমিল্লা শিক্ষা বোর্ডে চলমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ছিলেন ২ হাজার ৪২৮ শিক্ষার্থী। এছাড়া পরীক্ষা চলাকালীন সময়ে নকলের দায়ে বহিষ্কার হয়েছেন ৩ পরীক্ষার্থী।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে বাংলা প্রথম পত্রের পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় এইচএসসি পরীক্ষা। কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ৬টি জেলার ৪৫৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন পরীক্ষায়। মোট ১৯২টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর রুনা নাছরীন। তিনি বলেন, ‘সকালে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে অনুপস্থিত ছিল ২ হাজার ৪২৮ পরীক্ষার্থী এবং ৩ জনকে বহিষ্কার করা হয়েছে। অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।’

বোর্ড সূত্রে জানা গেছে, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া এই ছয় জেলায় এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছেন ১ লাখ ১ হাজার ৭৫০ জন পরীক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৪২ হাজার ৭৪১ জন এবং ছাত্রী ৫৯ হাজার ৯ জন। অংশগ্রহণের দিক দিয়ে ছাত্রীদের সংখ্যা এবারও এগিয়ে।

বিভাগভিত্তিক পরিসংখ্যান বলছে, মানবিক বিভাগ থেকে সর্বোচ্চ ৪৭ হাজার ৯৫৮ জন, ব্যবসায় শিক্ষা থেকে ২৭ হাজার ৫৫৪ জন এবং বিজ্ঞান বিভাগ থেকে ২৬ হাজার ২৩৮ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

প্রসঙ্গত, সুষ্ঠু ও নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি রেখেছে প্রশাসন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত