পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেড়ে জেলেকে পিটিয়ে হত্যা

আপডেট : ২৭ জুন ২০২৫, ০১:০১ এএম

পটুয়াখালীর কলাপাড়ায় পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেড়ে শহিদুল ফকির (৪০) নামের এক জেলেকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে আ.লীগ নেতার ছোট ভাইয়ের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার লতাচাপলী ইউনিয়নের পশ্চিম খাজুরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ফকির ওই গ্রামের আলী ফকিরের ছেলে।

জানা যায়, স্থানীয় সূত্রে জানা গেছে, শহিদুল ফকির যে ট্রলারের মাঝি ছিলেন, সেই ট্রলারের এক স্টাফের কাছে লতাচাপলী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা নজরুল ফকিরের ভাই সোহেল ফকির ২ হাজার ৪০০ টাকা পাওনা ছিলেন। এই টাকার জেরে বৃহস্পতিবার বিকেলে শহিদুলকে গালাগাল ও মারধর করেন সোহেল। একপর্যায়ে একটি ভারি কাঠের দাওয়া দিয়ে মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই শহিদুল অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লতাচাপলী ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিজানুর রহমান হাওলাদার বলেন, ৫ই আগস্টের পরে লতাচাপলী ইউনিয়ন আ.লীগের অনেকেই এলাকায় নানা কুকর্ম চালিয়ে যাচ্ছেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য। আজকের ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক এ ঘটনার তীব্র নিন্দা জানাই। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার জোর দাবি জানাই।

এ বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্ত সোহেল ফকির  একাধিক মামলার আসামি। তাকে গ্রেপ্তারে পুলিশের একটি টিম মাঠে রয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত