গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের সদস্যদের নামে নামকরণ করা ৮০৮টি স্থাপনার নাম পরিবর্তন করেছে অন্তর্বর্তী সরকার। আরও ১৬৯টি স্থাপনার নাম পরিবর্তনের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বলা হয়, বিগত সরকারের ১৬ বছরে দেশের ৯৭৭টি অবকাঠামো এবং প্রতিষ্ঠানের নাম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের রাজনীতিবিদদের নামে প্রতিষ্ঠিত হয়েছিল। এর মধ্যে রয়েছে সেনানিবাস, বিমান ঘাঁটি, নৌবাহিনীর জাহাজ, মেগা সেতু, সড়ক, স্থাপনা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণাকেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান। ইতিমধ্যেই এ প্রতিষ্ঠানগুলোর অধিকাংশের নাম পরিবর্তন করা হয়েছে। অবশিষ্ট প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের কাজ প্রক্রিয়াধীন।
প্রবল গণআন্দোলনের মুখে গত বছর ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর শেখ হাসিনা, তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাদের পরিবারের সদস্য এবং আওয়ামী লীগ নেতাদের নামে থাকা বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে একটি তালিকা প্রকাশ করা হয়।
