নগর প্রতিরক্ষা দলের মৌলিক প্রশিক্ষণ শেষ

আপডেট : ২৭ জুন ২০২৫, ০৮:২৩ এএম

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে এবং ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলার তত্ত্বাবধানে পরিচালিত নগর প্রতিরক্ষা দলের (টিডিপি) ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ-২০২৫-এর সমাপনী অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার শেরেবাংলা

কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ‘সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচিতে দেশের ৬৪টি জেলার ৮০টি ওয়ার্ডের ৫ হাজার ২৮০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

১৬ জুন শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের নগর প্রতিরক্ষা, দুর্যোগ ব্যবস্থাপনা, কিশোর গ্যাং প্রতিরোধ, ভূমিকম্প ও বন্যা মোকাবিলা, প্রাথমিক চিকিৎসা এবং জনসচেতনতামূলক কার্যক্রমে বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা প্রদান করা হয়।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। তিনি প্রশিক্ষণার্থীদের সফলভাবে কোর্স সম্পন্ন করার জন্য অভিনন্দন জানিয়ে বলেন, ‘আপনারা শুধু একটি বাহিনীর সদস্য নন, বরং এই মহানগরীর নিরাপত্তা ও স্থিতিশীলতার অংশীদার। প্রশিক্ষণলব্ধ জ্ঞান ও দক্ষতাকে কাজে লাগিয়ে আপনাদের এলাকায় শান্তি, শৃঙ্খলা ও জনকল্যাণ নিশ্চিত করাই হবে আপনাদের প্রধান দায়িত্ব। শুধু বাহ্যিক দুর্যোগ নয়, সমাজে বিদ্যমান অবক্ষয় ও অপরাধপ্রবণতা প্রতিরোধেও আপনাদের সচেতন, দায়িত্বশীল ও সমন্বিত ভূমিকা পালন করতে হবে।’

অনুষ্ঠানের সমাপনী পর্বে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকরা জানান, নগর প্রতিরক্ষা দলের কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করতে আগামীতেও এমন প্রশিক্ষণ আয়োজন অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের রেঞ্জ কমান্ডার মো. আশরাফুল আলম, ঢাকা মহানগর আনসার পরিচালক জনাব নুরুল আফসারসহ বাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত