খুলনায় সন্ত্রাসীর গুলিতে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আরেক যুবক গুলিবিদ্ধ হয়েছে। আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক। তাকে মুমূর্ষু অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে রূপসা উপজেলার রাজাপুর গ্রামে সোহাগের বাড়িতে ঘটনাটি ঘটে।
নিহত যুবক হলেন সাব্বির (২৭)। তার ঠিকানা পাওয়া যায়নি। তবে গুলিবিদ্ধ আহত যুবক মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন সোনারাবাংলা গলির বাসিন্দা নুর ইসলামের ছেলে মো. সাদ্দাম হোসেন (২৯)। বিষয়টি নিশ্চিত করেছেন রূপসা উপজেলার রাজাপুর ক্যাম্পের এসআই মো. আশরাফুল আলম।
পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত সাড়ে ৯টার দিকে রূপসার রাজাপুর গ্রামের পপুলার এলাকার বাসিন্দা সোহাগের বাড়িতে ব্যাপক গোলাগুলি হয়। দুর্বৃত্তের গুলিতে ঘটনাস্থলেই সাব্বিরের মৃত্যু হয়। এ ছাড়া সাদ্দামের মাথার পেছনে একটি গুলি বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় সাদ্দামকে চিকিৎসার জন্য স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতাালে নিয়ে যায়। সেখানে অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। তার অবস্থা খুবই আশঙ্কাজনক।
রাজাপুর ক্যাম্পের ইনচার্জ এসআই আশরাফুল আলম বলেন, নিহত ও আহত দুইজনই খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সদস্য। সাব্বির এবং সাদ্দামসহ কিছু যুবক ওই বাড়িতে অবস্থান করছিল। রাত সাড়ে ৯টার দিকে ৫ থেকে ৭ জন দুর্বৃত্ত সশস্ত্র অবস্থায় তাদের ওপর আক্রমণ করে। এতে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের সময়ে একটি গুলি সাব্বিরের মাথার পেছন থেকে ভেদ করে সামনের একটি চোখ থেকে বের হয়ে যায়। এ ছাড়া সাদ্দামও মাথার পেছনে গুলিবিদ্ধ হয়।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে দুই রাউন্ড তাজা গুলি এবং দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। রাতে সাব্বিরের লাশের সুরাতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
পিকআপের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, আরোহী নিহত 