একটা সময়ের গুজব এখন রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দু। সৌদি আরবের ক্লাব আল আহলি সত্যিই ভিনিসিয়ুস জুনিয়রকে দলে টানতে চায়—এখন এ খবর আর গুজব নয়। তারা ইতিমধ্যেই রিয়াল মাদ্রিদের সঙ্গে প্রাথমিক যোগাযোগও করেছে। কিন্তু লস ব্লাঙ্কোসদের উত্তর ছিল স্বল্প, সরল এবং শক্ত—ভিনিসিয়ুসের রিলিজ ক্লজ ১ বিলিয়ন ইউরো।
স্প্যানিশ গণমাধ্যম মারকা-র তথ্য অনুযায়ী, রিয়ালের সঙ্গে যোগাযোগ করে ভিনির সম্ভাব্য ছাড়ার বিষয়টি জানতে চায় আল আহলি। রিয়াল তাদের জানিয়ে দেয়, ভিনিসিয়ুসের চুক্তিতে নির্ধারিত রিলিজ ক্লজ ১,০০০ মিলিয়ন ইউরো—অর্থাৎ এক বিলিয়ন ইউরো। এটি এখন পর্যন্ত বিশ্বের যেকোনো খেলাধুলার ইতিহাসে সর্বোচ্চ মূল্য।
ভিনিসিয়ুসের আনুমানিক বাজারমূল্য যেখানে ২০০ মিলিয়ন ইউরোর আশপাশে, সেখানে আল আহলি ইতিমধ্যেই তার চেয়ে বেশি মূল্যের প্রাথমিক প্রস্তাব দিয়েছে বলে জানা গেছে। এবং আগামী কয়েকদিনের মধ্যেই তারা রিয়াল মাদ্রিদকে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাতে চলেছে। তবে এখন পর্যন্ত রিয়াল তাদের অবস্থান থেকে একচুলও সরে আসেনি।
সৌদি প্রস্তাবের সবচেয়ে চমকপ্রদ দিক অবশ্য আর্থিক প্রণোদনা। ভিনিসিয়ুসকে পাঁচ বছরের জন্য প্রায় ১ বিলিয়ন ইউরো (প্রায় ১২ হাজার কোটি টাকা) বেতনের প্রস্তাব দিয়েছে আল আহলি—যা তাকে মাত্র ২৪ বছর বয়সেই ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবলার করে তুলবে।
বর্তমানে রিয়ালে ভিনির বার্ষিক আয় প্রায় ২০ মিলিয়ন ইউরো, সেখানে সৌদির অফার প্রায় ৫০ গুণ বেশি। ফলে আর্থিক বিবেচনায় বিষয়টি হালকাভাবে নেয়ার সুযোগ নেই। এখনও পর্যন্ত ভিনিসিয়ুস ও তার প্রতিনিধি দল বিষয়টিকে একটি কঠিন প্রস্তাবনা হিসেবে দেখছে—যা নিয়ে গভীরভাবে চিন্তা করার প্রয়োজন আছে বলেই তারা মনে করে।
তবে স্প্যানিশ মিডিয়ায় গুঞ্জন, রিয়াল মাদ্রিদ এমন আর্থিক প্রলোভন থেকে ভিনিকে দূরে রাখতে চাইলে, শীঘ্রই তার বর্তমান চুক্তির শর্তাবলি পুনর্বিবেচনার পথে যেতে পারে। কারণ শুধু বর্তমান নয়, ভবিষ্যতের জন্যও ভিনিসিয়ুস এখন রিয়ালের মুখ।
এখনও সবকিছুই প্রাথমিক পর্যায়ে। কিন্তু যেভাবে সৌদির ক্লাবগুলো ইউরোপীয় শক্তিশালীদের লক্ষ্যবস্তু করছে, তাতে করে এই আলোচনা থেমে যাওয়ার নয়। রিয়ালের স্পষ্টতা আপাতত রক্ষণভাগে রাখলেও, ভবিষ্যতের লড়াই যে অনেক বেশি কৌশলী হতে চলেছে, সেটা বলাই বাহুল্য।
একদিকে অর্থের পাহাড়, অন্যদিকে ক্লাব ও ক্যারিয়ারের ইতিহাস—ভিনিসিয়ুসের সামনে এখন ভবিষ্যৎ-নির্ধারক এক সন্ধিক্ষণ।
ম্যারাডোনার নেপলস: দুটি অজানা গল্প, এক দেবতার পূর্ণতার প্রতিচ্ছবি
এনজোর নতুন রূপে বদলে যাওয়া চেলসির অপেক্ষায় বেনফিকা