চীনের সঙ্গে সীমান্ত বিরোধের স্থায়ী সমাধান চায় ভারত

আপডেট : ২৮ জুন ২০২৫, ১২:১৯ এএম

চীনের সঙ্গে কয়েক দশক ধরে চলা সীমান্ত বিরোধ নিষ্পত্তিতে স্থায়ী সমাধান চেয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। চীনে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও)-এর প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকের সাইডলাইনে চীনা প্রতিরক্ষামন্ত্রী ডং জুনের সঙ্গে আলোচনায় তিনি এই আহ্বান জানান বলে গতকাল শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ছিংদাও শহরে বৃহস্পতিবারের এ বৈঠকে রাজনাথ সিং বলেন, সীমান্ত ইস্যুতে একটি গঠনমূলক রোডম্যাপের মাধ্যমে সমাধানে পৌঁছানো জরুরি। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, রাজনাথ সিং সীমান্ত ব্যবস্থাপনার ওপরও জোর দেন এবং এই ইস্যুতে বিদ্যমান প্রক্রিয়াকে পুনরায় সক্রিয় করে সীমান্ত নির্ধারণের একটি স্থায়ী সমাধানের প্রয়োজনীয়তার কথা বলেন।

ভারত ও চীনের মধ্যে ৩ হাজার ৮০০ কিলোমিটার সীমান্ত লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (এলএসি) বা নিয়ন্ত্রণরেখা নামে পরিচিত। এলএসি সংশ্লিষ্ট অনেক এলাকা নিয়ে দেশ দুটির মধ্যে বিরোধ আছে। বিশ্বের দুই বৃহত্তম জনবহুল দেশ ও পরমাণু শক্তিধর রাষ্ট্র ভারত-চীনের মধ্যে সীমান্ত নিয়ে উত্তেজনা বহু পুরনো। ২০২০ সালের গালওয়ানে সংঘর্ষের পর থেকে দুই দেশের মধ্যে আস্থা ও নিরাপত্তা বিষয়ক সংকট আরও জটিল হয়ে ওঠে। পাঁচ বছর আগে লাদাখের গালওয়ান উপত্যকায় ওই সংঘর্ষে ২০ ভারতীয় এবং ৪ চীনা সেনা নিহতের কথা নয়াদিল্লি ও বেইজিংয়ের তরফ থেকে জানানো হয়েছিল।

পরের চার বছর ওই সীমান্তে মুখোমুখি অবস্থানে ছিল উভয় দেশের সেনারা। তবে গত অক্টোবরে দুই পক্ষ সেনা প্রত্যাহার নিয়ে এক চুক্তিতে পৌঁছায়, ফলে উত্তেজনা অনেকটাই কমে আসে। বেইজিং এর আগে বারবার বলেছিল, সীমান্ত নিয়ে যে বিরোধ রয়েছে তার প্রভাব দুই দেশের বৃহত্তর সম্পর্কে পড়া উচিত নয়। উভয় পক্ষ মেনে নেয় একটি সমাধানে পৌঁছানোর আগ পর্যন্ত দুই পক্ষের মতপার্থক্যগুলো আলোচনার মাধ্যমে সমাধানেও আগ্রহ দেখিয়েছে তারা।

দুই প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক নিয়ে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি; বৈঠক নিয়ে রয়টার্স মন্তব্য চাইলেও তাৎক্ষণিকভাবে বেইজিংয়ের কাছ থেকে সাড়া পাওয়া যায়নি। রয়টার্স লিখেছে, বেইজিং ও নয়াদিল্লি নিজেদের মধ্যে সম্পর্ক মেরামতের চেষ্টা অব্যাহত রেখেছে। চলতি মাসে দুই দেশই জানিয়েছে, তারা ২০২০ সালের সংঘর্ষের পর স্থগিত হওয়া সরাসরি বিমান চলাচল দ্রুত পুনরায় শুরুর বিষয়ে একমত হয়েছে এবং নিজেদের মধ্যে যোগাযোগ আরও জোরদার করার সিদ্ধান্ত নিয়েছে। এনডিটিভি জানিয়েছে, চীনে বৈঠকে সীমান্তে উত্তেজনা স্থায়ীভাবে এড়াতে এবং পারস্পরিক সম্পর্ক অবনতির পথ থেকে ফেরাতেই চার দফা রোডম্যাপ দিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ। এগুলো হচ্ছে- চুক্তি অনুযায়ী সেনা প্রত্যাহার, উত্তেজনা প্রশমনে যৌথ উদ্যোগ, দ্রুত সীমানা পুনর্নির্ধারণ/চিহ্নিতকরণ এবং আস্থা সংকট দূর করা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত