৮ আগস্ট অন্তর্বর্তী সরকার ‘নতুন বাংলাদেশ দিবস’ পালন করলে সারা বাংলাদেশে ‘বিপ্লব বেহাত দিবস’ পালন করবে বলে ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। তা ছাড়া, জুলাই সনদ আদায়ে আগামী ১ জুলাই শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত ‘লাল মার্চ’ কর্মসূচিও ঘোষণা করেছে জুলাই গণঅভ্যুত্থান ভিত্তিক প্ল্যাটফর্মটি। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি।
ওসমান হাদি বলেন, জুলাই চূড়ান্তভাবে বেহাত হয়েছে ৮ আগস্ট। ৮ আগস্ট সরকার নতুন বাংলাদেশ দিবস করতে পারবে না। ৩৬ জুলাই অর্থাৎ ৫ আগস্টের পরে আর কোনো দিবস
থাকবে না। ৮ই আগস্ট নতুন বাংলাদেশ দিবস পালনের বিষয়ে যদি সরকার অনড় থাকে তাহলে আমরা এই দিন প্রত্যেকটি ডিসি অফিস, উপজেলা অফিস এবং সচিবালয়ে গিয়ে বিপ্লব বেহাত দিবস পালন করব।
হাদি আরও বলেন, জুলাই সনদ আদায়ে আমরা আগামী ১ জুলাই লাল মার্চ করব। শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত এই লাল মার্চ’Ñ এ জুলাই শহীদ পরিবার ও আহতরা অংশ নেবে। দাবি আদায় না হলে আন্দোলন চলমান থাকবে। এ সময় ১৬ জুলাইকে শহীদ আবু সাঈদ দিবস না করে সেটি সর্বজনীন শহীদ দিবস হিসেবে ঘোষণারও দাবি তোলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র।
হাদি বলেন, এই সরকারকে প্রথম প্রধান গুরুত্ব দিতে হবে জুলাই শহীদ পরিবার ও আহতদের মতামতের। কারণ রাষ্ট্র সংস্কার প্রশ্নে ইউনূস সরকার শুধু রাজনৈতিক দলের প্রতি দায়বদ্ধ নয়, প্রতিটি শহীদ পরিবার ও আহতদের কাছে দায়বদ্ধ।
