সিলেট সীমান্ত দিয়ে ১৪ রোহিঙ্গাসহ ৩১ জনকে পুশইন

আপডেট : ২৮ জুন ২০২৫, ০৭:৪৬ এএম

সিলেটের জৈন্তাপুর উপজেলার দুটি সীমান্ত দিয়ে ১৪ রোহিঙ্গাসহ ৩১ জনকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত বৃহস্পতিবার রাতে ও গতকাল শুক্রবার ভোরে এ পুশইনের ঘটনা ঘটে। এই ৩১ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্ত এলাকা দিয়ে ১৪ জন রোহিঙ্গাকে ঠেলে পাঠায় বিএসএফ। জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) আওতাধীন টহল দল সীমান্তসংলগ্ন বাগছড়া এলাকা থেকে তাদের আটক করে। এদের মধ্যে ৪ জন পুরুষ, ৪ জন নারী ও ৬ শিশু রয়েছে। কক্সবাজার শরণার্থী ক্যাম্প থেকে তারা পালিয়ে ভারতে গিয়েছিলেন। সেখানকার পুলিশ তাদের আটক করে বিএসএফের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। জৈন্তাপুর থানার ওসি আবুল বাসার জানান, আটক রোহিঙ্গাদের কক্সবাজারের উখিয়া ক্যাম্পে পাঠানো হয়েছে।

এদিকে শুক্রবার ভোরে জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে ১৭ বাংলাদেশি নাগরিককে পুশইন করে বিএসএফ। বিজিবি তাদের আটক করে জৈন্তাপুর থানায় হস্তান্তর করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত