বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ৯৭৬ কোটি ১১ লাখ ৫ হাজার টাকার বাজেট অনুমোদন হয়েছে। ২০২৪-২০২৫ অর্থবছরে এই বাজেটের পরিমাণ ছিল ৮০০ কোটি ৯৮ লাখ ৩৫ হাজার টাকা। এ বছর বরাদ্দ বেড়েছে ১৭৫ কোটি ১২ লাখ ৭০ হাজার টাকা।
গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটর ৯৭তম সভায় এই বাজেট অনুমোদন হয়। সভায় বাজেট উপস্থাপন করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার। পরে এক সংবাদ সম্মেলনে বাজেটের বিস্তারিত তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম জানান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন শিক্ষা এবং গবেষণা কার্যক্রম উন্নয়নের লক্ষ্যে চীনের কুনমিং মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। ৮১ জন শিক্ষক, ৫৪৯ জন ছাত্রছাত্রীকে গবেষণার জন্য গ্র্যান্ট প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বাজেট বাস্তবায়ন ও ক্রয় প্রক্রিয়া ত্বরান্বিত করতে ৪৩৭ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদানের লক্ষ্যে প্রস্তাবিত বাজেটে বরাদ্দ বৃদ্ধি করে ১২ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এছাড়া তথ্য ও প্রযুক্তি খাতে, ইনফেকশন কন্ট্রোল এবং বইপত্র ও সাময়িকী উপ-খাতে বরাদ্দের ব্যবস্থা রাখা হয়েছে।
ঘাটতি বাজেট ১২৭ কোটি টাকা : বিশ্ববিদ্যালয় জানায়, বাজেটে মোট বরাদ্দের ৫৮ শতাংশ বা ৫৬৮ কোটি ৩৭ লাখ টাকা আসবে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় (বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) থেকে ১৪৪ কোটি ৮৬ লাখ টাকা বা ১৫ শতাংশ এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় থেকে আসবে ১৩৫ কোটি টাকা বা ১৩ দশমিক ৮৩ শতাংশ টাকা। অর্থাৎ মোট বরাদ্দ পাওয়া যাবে ৮৪৮ কোটি ২৩ লাখ টাকা। সে হিসাবে এবারের বাজেটে ঘাটতি রয়েছে ১২৭ কোটি ৮৭ লাখ টাকা বা ১৩ শতাংশ টাকা। এ ঘাটতি সংশোধিত বাজেট ও বিশ্ববিদ্যালয়ের আয় থেকে সমন্বয় করা হবে।
গবেষণায় বরাদ্দ ৩৭ কোটি টাকা : এ বছর বিশ্ববিদ্যালয়ের বাজেটে গবেষণা ও প্রশিক্ষণের জন্য ৩৮ কোটি ২০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে গবেষণার জন্য ৩৭ কোটি ১০ লাখ এবং প্রশিক্ষণের জন্য রয়েছে ১ কোটি ১০ লাখ টাকা। চিকিৎসা ও শৈল্য খাতে (এমএসআর) বরাদ্দ রয়েছে ৮৭ কোটি টাকা।
বাজেটে ছাত্রছাত্রীদের জন্য মেধাবৃত্তি খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ২১৭ কোটি ৩২ লাখ ৫০ হাজার টাকা। এ ছাড়া পূর্ত সংরক্ষণে ৯ কোটি টাকা, পণ্য সেবার উপ-খাতগুলোতে ২৫ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা, যন্ত্রাংশ (মূলধন) উপ-খাতে ৪০ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা খাতে ২৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাজেটে বেতন বাবদ ২৩৩ কোটি ২৬ লাখ ৩১ হাজার টাকা, ভাতা বাবদ ১৯০ কোটি ২৭ লাখ টাকা এবং পেনশন মঞ্জুরি খাতে ৪৫ কোটি ১৫ লাখ ২৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
রোগীদের জন্য ১২ কোটি টাকার বিনামূল্যে ওষুধ : চিকিৎসা ব্যয় কমানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। এ জন্য ২০২৫-২৬ অর্থবছরে রোগীদের বিনামূল্যে ১২ কোটি টাকার ওষুধ দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। এরই মধ্যে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ বছরের বাজেট অনুমোদন হয়েছে।
বাজেট অনুমোদনের পর সংবাদ সম্মেলনে বিএমইউ উপাচার্য অধ্যাপক শাহীনুল আলম বলেন, এবারে আমরা পাঁচটি বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়েছি। এর মধ্যে চিকিৎসা ব্যয়ের ৭০ শতাংশ মানুষের পকেট থেকে যায়। এটা মূলত মেডিসিন ক্রয়েই বেশি যায়। এ খরচ কমাতে উদ্যোগ নিয়েছি, আউটপেশেন্ট ডিপার্টমেন্ট (ওপিডি) ও ইনডোর রোগীদের বিনামূল্যে ওষুধ দেব। এ জন্য এ খাতে গেল বছরের বরাদ্দ ৫ কোটি টাকা থেকে বাড়িয়ে এবারে ১২ কোটিতে উন্নীত করা হয়েছে। তিনি বলেন, দ্বিতীয় বিষয় হলো আমরা যেসব ট্রেনিং করি সেগুলো ভার্চুয়াল মনিটরিং করার জন্য পদক্ষেপ নিয়েছি। এতে বৈদেশিক সম্পৃক্ততা বাড়বে। চিকিৎসকদের বিদেশেও চাকরির সুযোগ তৈরি হবে। এজন্য ই-লগ বুক উপ-খাতে প্রস্তাবিত বাজেটে ৩ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।
মেডিসিন এবং ইনফেকশন কন্ট্রোল ডিজিজের জন্য প্রস্তাবিত বাজেটে গত বছরের তুলনায় বাড়িয়ে ৮৭ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। লাইব্রেরি এবং জার্নাল প্রকাশের জন্য প্রস্তাবিত বাজেটে গত বছরের তুলনায় বাড়িয়ে এক কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।
