অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচে টিভি আম্পায়ারিং নিয়ে ক্ষোভ জানিয়ে শাস্তি পেলেন ড্যারেন স্যামি

আপডেট : ২৯ জুন ২০২৫, ১২:২৭ পিএম

অ্যাড্রিয়ান হোল্ডস্টকের আম্পায়ারিং নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলে শেষ পর্যন্ত শাস্তির মুখে পড়েছেন ড্যারেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে আইসিসি। সঙ্গে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্ট সিরিজের দ্বিতীয় দিন শেষে টিভি আম্পায়ার হোল্ডস্টকের দুটি সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেন স্যামি। তাঁর দাবি, একের পর এক বিতর্কিত সিদ্ধান্ত গেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যার ফলে স্বাভাবিক সন্দেহ তৈরি হয় নির্দিষ্ট একজন আম্পায়ারকে ঘিরে।

স্যামি বলেন, 'আপনি এমন অবস্থায় যেতে চান না, যেখানে নির্দিষ্ট কোনো আম্পায়ারকে নিয়ে সন্দেহ জন্মায়। তবে যখন একের পর এক সিদ্ধান্ত একই দলের বিপক্ষে যায়, তখন প্রশ্ন ওঠেই।'

স্যামির অভিযোগের কেন্দ্রে ছিল দুই বিতর্কিত সিদ্ধান্ত—রোস্টন চেজের এলবিডব্লু এবং শাই হোপের ক্যাচ। চেজের ব্যাটে আগে বল লাগার দাবি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা। আলট্রাএজে স্পষ্ট স্পাইক না থাকলেও কিছু ক্ষীণ ইঙ্গিত দেখা গিয়েছিল।

শাই হোপের ক্ষেত্রে, উইকেটকিপার অ্যালেক্স ক্যারি দুর্দান্তভাবে ক্যাচ নিলেও প্রশ্ন উঠেছিল বল ঘাসে লেগেছে কি না। হোল্ডস্টক দুই ক্ষেত্রেই সিদ্ধান্ত দেন অস্ট্রেলিয়ার পক্ষে।

হোল্ডস্টকের প্রতি আগের থেকেই অনাস্থা ছিল স্যামির। তিনি বলেন, 'ইংল্যান্ড সফর থেকেই আমি এই আম্পায়ারের কিছু সিদ্ধান্ত নিয়ে সন্দিহান। একাধিক ম্যাচে তাঁর আম্পায়ারিং প্রশ্নবিদ্ধ ছিল।'

এই মন্তব্যকে আইসিসি আচরণবিধির ২.৭ ধারা লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে, যেখানে আন্তর্জাতিক ম্যাচ, খেলোয়াড় বা কর্মকর্তাদের বিরুদ্ধে প্রকাশ্যে সমালোচনা নিষিদ্ধ।

৪১ বছর বয়সী স্যামি শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। গত ২৪ মাসে এটি তার প্রথম শাস্তিযোগ্য অপরাধ।

তবে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজও ম্যাচ শেষে কিছু সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করলেও তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি আইসিসি।

উল্লেখ্য, সিরিজের পরের দুই টেস্টেও মাঠের আম্পায়ার থাকছেন অ্যাড্রিয়ান হোল্ডস্টক। তার মানে, স্যামির সন্দেহ বা হতাশা সত্ত্বেও তাকেই সামলাতে হবে ক্যারিবীয়দের।

নতুন বিতর্কের মুখে টেস্ট ক্রিকেটে আবার প্রশ্ন উঠল—আসলে প্রযুক্তি ও আম্পায়ারের সমন্বয় কতটা নির্ভুল?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত