শরীয়তপুরের কুচাইপট্রি চর বাসিন্দাদের মানববন্ধন

আপডেট : ২৯ জুন ২০২৫, ০১:৪৭ পিএম

শরীয়তপুরের গোসাইরহাটের কুচাইপট্রি ইউনিয়নের কোলচুরি পাতারচর এলাকার সোহেল বেপারীর ও তার বাহিনীর অত্যাচারে অতিষ্ট হয়ে চরের বাসিন্দারা মানববন্ধন করেছে। রবিবার (২৯ জুন) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সোহেল ও তার বাহিনীর হাত থেকে মুক্তি চেয়ে ব্যানার-ফেস্টুন হাতে নিয়ে ঘন্টাব্যাপি মানববন্ধন করেন কোলচুরি পাতারচর এলাকার বাসিন্দারা। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রধান করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের বসবাস শরীয়তপুর ও বরিশাল জেলার সীমান্তবর্তী পদ্মা-মেঘনা বেষ্টিত চরাঞ্চলে। এখানকার স্থানীয় সোহেল বেপারী ও তার বড় ভাই মোসলেম বেপারী ও তাদের লোকজন খনন যন্ত্র দিয়ে নদী থেকে দীর্ঘদিন ধরে অবাধে বালু উত্তোলন করছে। ফলে ভেঙ্গে যাচ্ছে নদীর তীর। আমরা বাঁধা দেয়ায় আমাদের বাড়িঘরে অগ্নিসংযোগ ও ভাংচুর চালায়। আমাদের মারধর করে জীবন নাশের হুমকি দিচ্ছে। তাই অনেকেই এলাকা ছেড়ে চলে গেছে। প্রশাসনকে জানালে তারা কোন ব্যবস্থা নিচ্ছে না। আমরা তাই নিরাপত্তাহীনতায় ভুগছি।

কোলচুরি পাতারচর এলাকার মোহাম্মদ মহিউদ্দিনসহ অন্যান্য বাসিন্দারা বলেন, আওয়ামী লীগ আমল থেকে সোহেল, মোসলেম ও তাদের লোকজন ড্রেজার দিয়ে নদী থেকে বালু তুলছে। তারা আওয়ামী লীগের লোক হয়েও এই আমলে একই কাজ করছে। আমাদের ফসলিজমি, ঘরবাড়ি দখল করে নিচ্ছে। পুড়িয়ে দিচ্ছে বাড়িঘর। চুরি ডাকাতি করছে তারা। সোহেল বাহিনীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত