উত্তপ্ত দিনে উইম্বলডনের রঙ্গমঞ্চে নামছেন আলকারাজরা

আপডেট : ৩০ জুন ২০২৫, ১০:২৪ এএম

উইম্বলডন মানেই ঐতিহ্য, উইম্বলডন মানেই প্রতীক্ষার প্রহর। ১৪০ বছরের এই প্রতিযোগিতা এবারও ফিরেছে চিরচেনা গাম্ভীর্য নিয়ে। সোমবার শুরু হচ্ছে ১৩৮তম উইম্বলডন চ্যাম্পিয়নশিপস। প্রথম দিনই কোর্টে নামছেন একঝাঁক তারকা, সঙ্গে থাকছে রোদ-ঘাম-উত্তেজনার ছড়াছড়ি।

বিশেষ করে ব্রিটিশ টেনিস সমর্থকদের জন্য দিনটি আরও বিশেষ। কারণ, দীর্ঘ ৪০ বছর পর প্রথম দিনে একক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন ১৪ জন ব্রিটিশ খেলোয়াড়। টুর্নামেন্টে মোট ব্রিটিশ প্রতিযোগীর সংখ্যা ২৩, যা ১৯৮৪ সালের পর সর্বোচ্চ।

উইম্বলডনের রীতি অনুসারে, প্রতিযোগিতার প্রথম দিনে সেন্টার কোর্টের উদ্বোধনী ম্যাচ খেলবেন পুরুষ এককের বর্তমান চ্যাম্পিয়ন। তাই কোর্টে নামছেন দুইবারের শিরোপাজয়ী স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। তার প্রতিপক্ষ ৩৮ বছর বয়সী ইতালীয় ফাবিও ফনিনি। ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর দেড়টায়।

আলকারাজের পর কোর্টে নামবেন ব্রিটেনের কেটি বোলটার। তার প্রতিপক্ষ স্পেনের নবম বাছাই পাউলা বাদোসা। এরপর মাঠে নামবেন জার্মান তৃতীয় বাছাই আলেকজান্ডার জভেরেভ, খেলবেন ফ্রান্সের আর্থার রিন্ডারনেকের বিপক্ষে।

কোর্ট ওয়ানে নারী এককের শীর্ষ বাছাই আরিনা সোবালেঙ্কার ম্যাচ দিয়ে দিনের খেলা শুরু হবে। এরপরই নজর থাকবে এক অল-ব্রিটিশ লড়াইয়ে।

২০২১ ইউএস ওপেন চ্যাম্পিয়ন এমা রাদুকানু মুখোমুখি হবেন ১৭ বছর বয়সী প্রতিভাবান মিমি জু-এর। এই ম্যাচ ঘিরে কেবল কৌতূহল নয়, রয়েছে ভবিষ্যতের সম্ভাবনার প্রতিচ্ছবিও।

দিনটি যেমন প্রতিদ্বন্দ্বিতায় উত্তপ্ত, তেমনি তাপমাত্রাতেও। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পশ্চিম লন্ডনে তাপমাত্রা ছুঁয়ে ফেলতে পারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস। তাই খেলোয়াড়দের জন্য শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকার চ্যালেঞ্জ থাকবে।

রাদুকানু, বোলটার, ফার্নলির বাইরেও উইম্বলডনের প্রথম দিনে আরও ১০ জন ব্রিটিশ খেলোয়াড় নামছেন কোর্টে। কেউ অভিষেক ঘটাতে যাচ্ছেন, কেউবা আবার ফিরছেন নতুন প্রত্যয়ে।

উল্লেখযোগ্য ম্যাচগুলোর মধ্যে আছে—

ক্যামেরন নরি বনাম রবার্তো বাউতিস্তা আগুত, হ্যারিয়েট ডার্ট বনাম ডালমা গালফি, হান্না ক্লুগম্যান বনাম লেইলা ফার্নান্দেজ, অলিভার টারভেট বনাম লেয়ান্দ্রো রেইদি, হেনরি সিয়ার্ল বনাম ইথান কুইন।

অন্য তারকারা কোন কোর্টে?

কেবল সেন্টার বা কোর্ট ওয়ান নয়, উইম্বলডনের প্রতিটি কোর্টই যেন তারকা মঞ্চ। কোর্ট ২-তে খেলবেন মেদভেদেভ, ম্যাডিসন কিজ, পাওলিনি ও ফ্রিটজ। কোর্ট ১২-তে নামবেন বর্তমান চ্যাম্পিয়ন মারকেটা ভোন্দ্রুশোভা।

কোর্ট ১৪-তে খেলবেন অনস জাবুর, কোর্ট ১৮-তে থাকবেন নাওমি ওসাকা।

বিশ্ব টেনিসের শ্রেষ্ঠ মঞ্চে আজ থেকে শুরু সেই লড়াই, যার শেষ হবে ট্রফি হাতে বিজয়ের হাসিতে। শুরুটা হলো ব্রিটিশ আশা, রোদেলা দুপুর আর শ্বাসরুদ্ধকর প্রতিদ্বন্দ্বিতায়। সময় এখন খেলার, সময় এখন উইম্বলডনের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত