মেসির বিদায়ে কী ক্লাব বিশ্বকাপের উত্তাপেও ভাটা পড়বে!

আপডেট : ৩০ জুন ২০২৫, ১০:২৭ এএম

আলোকসজ্জা, বিপুল বাজেট আর বিশ্বজুড়ে উদ্দীপনা—সব মিলিয়ে যে টুর্নামেন্টটি হতে পারত বছরের সবচেয়ে প্রতীক্ষিত ফুটবল আয়োজন, সেটি যেন শুরু হতেই হারিয়ে ফেলেছে নিজের উত্তাপ। যুক্তরাষ্ট্রে চলমান ক্লাব বিশ্বকাপ নিয়ে এমন প্রশ্ন এখন ফুটবলপাড়ার আনাচে-কানাচে।

কারণ একটাই—লিওনেল মেসির ইন্টার মায়ামির বিদায়। শেষ ষোলোর ম্যাচে কাল রাতে তার দল ৪-০ গোলে হেরে গেছে পিএসজির কাছে।

সাধারণত ইউরোপীয় ক্লাবগুলোর দাপট আর প্রতিযোগিতামূলক ম্যাচ দিয়েই ক্লাব বিশ্বকাপ জমে ওঠে। তবে এবার ব্যতিক্রম। আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের জনগণের কাছে ‘সকার’ এখনো বেসবল, বাস্কেটবল কিংবা আমেরিকান ফুটবলের মতো আগ্রহের তালিকায় উঠে আসতে পারেনি। তার ওপর ম্যাচগুলোতে দর্শকসংখ্যা দেখে বোঝাই যায়, টুর্নামেন্টে গ্যালারির ফাঁকা আসন যেন আয়োজকদের গলার কাঁটা হয়ে উঠেছে।

এমন অবস্থায় আর্জেন্টাইন মহাতারকা মেসির উপস্থিতিই ছিল যেন শেষ আশার আলো। বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড শুধু মাঠের পারফরম্যান্স দিয়ে নয়, দর্শক টানার ক্ষেত্রেও সবচেয়ে বড় আকর্ষণ ছিলেন। তার পায়ের জাদু দেখতে হাজার হাজার সমর্থক ছুটে যান মাঠে—হোক না সেটা প্রীতি ম্যাচ কিংবা ঘরোয়া লিগ।

কিন্তু সেই মেসিই এখন টুর্নামেন্টের বাইরে। ইন্টার মায়ামির বিদায়ে অনেকটাই যেন ঝিমিয়ে পড়েছে গোটা আয়োজন।

প্রশ্ন উঠছে, একজন মেসির উপর কি তাহলে পুরো টুর্নামেন্টের জনপ্রিয়তা নির্ভর করে? উত্তরটা অনেকাংশেই 'হ্যাঁ'।

লিওনেল মেসি কেবল একজন ফুটবলার নন, তিনি একটি আবেগ, একটি ব্র্যান্ড, একটি আলোকচ্ছটা। তার উপস্থিতি মানে টিকিট বিক্রির বাড়তি গতি, টেলিভিশন রেটিংয়ের ঊর্ধ্বগতি, স্পন্সরশিপ ও বিপণনের সুবর্ণ সুযোগ। মাঠে তিনি খেলুন বা না খেলুন, গ্যালারিতে থাকা মানুষজন শুধু তাকে একঝলক দেখতেই হাজির হন। ফলে তাকে ছাড়া টুর্নামেন্টে সেই 'তারকার ঝলক' যে অনুপস্থিত, তা অস্বীকার করার উপায় নেই।

তবে এটাও সত্য, টুর্নামেন্টে এখনো রয়েছে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার শীর্ষ ক্লাবগুলো। বিশ্বমানের সব তারকা এখনো মাঠে নেমে লড়ছেন শিরোপার জন্য। ফুটবলের গুণগত মানে ঘাটতি নেই। ফলে মেসিকে ছাড়া যদি কোনো দল ফাইনালে গিয়ে রোমাঞ্চ ছড়াতে পারে, হয়তো কিছুটা হলেও ফের জ্বলে উঠবে ক্লাব বিশ্বকাপের আলো।

তবু প্রশ্ন থেকেই যায়—মেসির বিদায়ের পর সেই আলো আর কতটা দর্শকের চোখে পড়বে?

×
সর্বশেষ সর্বাধিক পঠিত