সাভারে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২৫০০ কেজি পলিথিন জব্দ 

আপডেট : ৩০ জুন ২০২৫, ০৭:৩০ পিএম

সাভারের নামাবাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন বন্ধে অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্টের ভ্রাম্যমান আদালত। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম।

অভিযানের সময় পলিথিন মজুদ, বিক্রি ও প্রদর্শন করার দায়ে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমান করা হয়। এ ছাড়া জব্দ করা হয় প্রায় পঁচিশ শ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন।

পরিবেশ অধিদপ্তরেরর নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানুল ইসলাম বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সাভার নামাবাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ পলিথিন প্রদর্শন ও বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠান থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া জব্দ করা হয়েছে প্রায় আড়াই হাজার কেজি পলিথিন। পরবর্তীতে এসব প্রতিষ্ঠানগুলো একই অপরাধ করলে আবারও অভিযান পরিচালনা করে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ব্যবসায়ীদের সতর্ক করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলাম।

এ সময় পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক নয়ন কুমার রায়সহ সাভার মডেল থানা পুলিশ ও র‍্যাব-৪ এর সদস্যরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত