বাঁশের সাঁকো ভেঙে খালে, দুর্ভোগে ১০ হাজার মানুষ

আপডেট : ৩০ জুন ২০২৫, ০৭:৩৩ পিএম

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়ন ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের মধ্যে সংযোগ স্থাপনকারী একমাত্র বাঁশের সাঁকোটি ভেঙে পড়েছে। রবিবার গভীর রাতে ছনুয়া খালের ওপর নির্মিত সাঁকোটি হঠাৎ করে ভেঙে যায়।

প্রায় এক বছর আগে স্থানীয় কিছু উদার ব্যক্তি সাঁকোটি নির্মাণ করেন। এরপর থেকেই এটি দুই উপজেলার গুরুত্বপূর্ণ চলাচলের মাধ্যম হয়ে উঠেছিল। প্রতিদিন শিক্ষার্থী ও শ্রমজীবী মানুষ এই সাঁকো ব্যবহার করে পারাপার হতেন।

স্থানীয় বাসিন্দা বেলাল জানান, সাঁকোটি ভেঙে পড়ার ফলে অন্তত ১০ হাজার মানুষ মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও বেড়েছে। এখন ওই এলাকার মানুষকে বিকল্প পথ ধরে দীর্ঘপথ ঘুরে যাতায়াত করতে হচ্ছে।

ছনুয়া ইউনিয়নের ছেলবন, খুদুকখালী, নোয়াপাড়া, বালুখালী ও ছোট ছনুয়া গ্রামের শত শত শিক্ষার্থী প্রতিদিন রাজাখালী এয়ারআলী খান উচ্চ বিদ্যালয়, ফৈজুন্নেছা স্কুল অ্যান্ড কলেজ, রাজাখালী বিইউআই কামিল মাদরাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করতো। এখন এসব শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়া অনিশ্চয়তায় পড়েছে।

রাজাখালী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জানান, উঁচু এ বাঁশের সাঁকোটি ব্যবহার দুটি ইউনিয়নের কয়েকটি গ্রামের মানুষের অন্যতম যাতায়াতের মাধ্যম ছিল। হঠাৎ সাঁকোটি ভেঙ্গে খালে পড়ে যাওয়ায় মানুষের দূর্ভোগ বেড়েছে। রাজাখালী ও ছনুয়াবাসীর পক্ষ থেকে সাঁকোটি দ্রুত মেরামতের জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত