অচলাবস্থায় দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) যখন প্রায় বিলীন, তখন বিকল্প নতুন একটি আঞ্চলিক জোট গঠনের উদ্যোগ নিয়েছে চীন ও পাকিস্তান। এ প্রক্রিয়ায় বাংলাদেশকেও অন্তর্ভুক্ত করার আলোচনা চলছে বলে একাধিক কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে।
সম্প্রতি চীনের কুনমিং শহরে আয়োজিত ত্রিপক্ষীয় বৈঠকে চীন, পাকিস্তান এবং বাংলাদেশ অংশ নেয়। বৈঠকের মূল লক্ষ্য ছিল আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণ। বৈঠকে উপস্থিত ছিলেন তিন দেশের উচ্চপর্যায়ের কূটনীতিকরা।
বিশ্লেষকরা মনে করছেন, ভারত-পাকিস্তান বিরোধে দীর্ঘদিন ধরে অকার্যকর সার্কের কার্যকর বিকল্প গঠনের প্রয়াস চলছে। এ প্রক্রিয়ায় ভবিষ্যতে শ্রীলঙ্কা, মালদ্বীপ ও আফগানিস্তানকেও আমন্ত্রণ জানানো হতে পারে। তবে ভারতের অংশগ্রহণ অনিশ্চিত বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা।
২০১৬ সালে পাকিস্তানে নির্ধারিত সার্ক শীর্ষ সম্মেলনে ভারতের অংশগ্রহণ না করায় সম্মেলন বাতিল হয়ে যায়। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতের অবস্থানের প্রতি সংহতি জানিয়ে সম্মেলনে অংশ নেননি। এরপর থেকে সার্ক একেবারেই ম্রিয়মাণ হয়ে পড়ে।
