ব্রাজিলের ক্লাবের কাছে হেরে লাউতারো মার্তিনেজদের স্বপ্নভঙ্গ

আপডেট : ০১ জুলাই ২০২৫, ০২:০৮ পিএম

চলতি ক্লাব বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে ব্রাজিলের ক্লাবগুলো। এবার চ্যাম্পিয়নস লিগের রানার্সআপ ইন্টার মিলানকে গুঁড়িয়ে দিয়েছে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। গতকাল রাতে শেষ ষোলোর লড়াইয়ে তারা জিতেছে ২-০ গোলে। এই জয়ে পালমেইরাসের পর দ্বিতীয় ব্রাজিলিয়ান ক্লাব হিসেবে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট পেল ফ্লুমিনেন্স।

গতকাল সোমবার রাতে শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ম্যাচের ৩ মিনিটেই গেরমান কানোর গোলে এগিয়ে যায় ফ্লুমিনেন্স। অন্যদিকে আক্রমণ, বল দখল এবং সুযোগ তৈরিতে এগিয়ে থাকলেও ইন্টার মিলান গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ের ৯৩ মিনিটে ফ্লুমিনেন্সের হয়ে দ্বিতীয় গোলটি করেন বদলি নামা হারকিউলিস। এতেই ইন্টারের বিদায় নিশইত হয়ে যায়।

থিয়াগো সিলভা

এ নিয়ে টানা ১৫ ম্যাচে ইতালিয়ান ক্লাবের বিপক্ষে অপরাজিত থাকল ফ্লুমিনেন্স। যদিও  গত ৩৬ বছরে এই প্রথম তারা ইতালিয়ান ক্লাবের মুখোমুখি হলো। সর্বশেষ ১৯৮৯ সালে নাপোলির বিপক্ষে সেই প্রীতি ম্যাচে ফ্লুমিনেন্স জিতেছিল ১–০ গোলে। ফ্লুমিনেন্স অধিনায়ক থিয়াগো সিলভা বলেছেন, ‘আমরা জানতাম তারা সহজ প্রতিপক্ষ হবে না। এক মাসের কম সময় আগে তারা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে খেলেছে। কিন্তু আমরা সত্যিই অনেক ভালো খেলেছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত