কুমিল্লার চৌদ্দগ্রামে খোদেজা আক্তার (৪৬) নামে এক মধ্যবয়সী নারীকে গলায় ছুরিকাঘাতে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজন রং মিস্ত্রি মো শাহীন (৪০) কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার ভোররাতে উপজেলার গুনবতী ইউনিয়নের ঝিকড্ডা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী খোদেজা একই গ্রামের মৃত কলিম উল্লার স্ত্রী। অভিযুক্ত শাহিন একই গ্রামের প্রতিবেশী।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ হিলাল উদ্দিন জানান, গলায় গুরুতর আঘাতপ্রাপ্ত নারীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, খোদেজার নতুন বাড়ির রংয়ের কাজ করতেন শাহিন। তার বেগমের ছেলে সোহাগ সৌদি প্রবাসী এবং মেয়ে লিমা আক্তার শ্বশুরবাড়ীতে থাকেন। ভুক্তভোগী ব্যতিত ঘরে আর কেউ না থাকায় মঙ্গলবার আনুমানিক রাত ২.৩০টায় কোনো উদ্দেশ্যে বসতঘরে প্রবেশ করেন শাহিন।
তারপর মধ্যরাতে চিৎকার শুনে আশপাশের মানুষ এসে ভুক্তভোগীকে রক্তাক্ত অবস্থায় দেখে চৌদ্দগ্রাম থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়।
ওসি হিলাল উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে তাৎক্ষনিক পুলিশের একটি টিম পাঠাই। ভুক্তভোগী তখনো ক্ষীণ স্বরে হামলাকারীর নাম পিতার নাম বলতে পারছিলো। হামলাকারীর নাম শাহীন (৪০), পিতা মৃত ছায়েদুল হক ছুট্ট মিয়া, সে পেশায় রং মিস্ত্রি। তাকে তাৎক্ষণিক তার বসতঘর হতে আটক করা হয়েছে।
আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান ওসি।
