এমএলসি ২০২৫-এ টানা তৃতীয় ম্যাচে ম্যাচসেরা পারফরম্যান্স! আবারো শেষ ওভারে ছক্কা। সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের বিপক্ষে ৩৭ বলে ৭৮ রানের বিস্ফোরক অপরাজিত ইনিংসে আবারও দলকে জেতালেন ওয়েস্ট ইন্ডিজের শিমরণ হেটমায়ার।
ফ্লোরিডার লাউন্ডারহিলে প্রথমে ব্যাট করে ইউনিকর্নস তোলে ১৬৮ রান, ৫ উইকেট হারিয়ে। জবাবে ১০তম ওভারেই ৫৬ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা অর্কাসকে টেনে তোলেন হেটমায়ার। তার ব্যাটে শেষ ওভারে চার উইকেটের দারুণ এক জয় পায় অর্কাস, যা তাদের এবারের টুর্নামেন্টে টানা তৃতীয় জয়।
ম্যাচের শুরুটা ছিল অর্কাসের জন্য হতাশার। ওপেনার স্টিভেন টেইলর ১০ বল খেলে রানে খাতা খোলার আগেই ফেরেন জেভিয়ার বার্টলেটের বলে। এরপর কাইল মেয়ার্সকেও দ্রুত ফিরিয়ে দেন এই ডানহাতি পেসার। কিছুটা প্রতিরোধ গড়ে তুলেছিলেন শায়ান জাহাঙ্গীর ও সিকান্দার রাজা, দু’জনে মিলে যোগ করেন ৩৮ রান। তবে দশম ওভারে টানা দুই বলে দুজনই আউট হয়ে গেলে আবারও ব্যাটিং ধস নামে অর্কাস শিবিরে।
তখনই মাঠে নামেন হেটমায়ার। প্রথম তিন বলেই দুটি ছক্কা হাঁকিয়ে শুরু করেন আগ্রাসী মেজাজে। এক প্রান্তে নিয়মিত উইকেট পড়লেও হেটমায়ার নিজের স্ট্রোক খেলা বন্ধ করেননি। ২৩ বলে ফিফটি পূর্ণ করেন একটি দারুণ সোজা ছক্কায়। রান রেট যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায়, সেদিকেও রাখেন পূর্ণ নজর।
শেষ তিন ওভারে দরকার ছিল ৩০ রান। ব্রডি কাউচকে মারেন স্কয়ার লেগের উপর দিয়ে বড় ছক্কা। এরপর বার্টলেটকেও ছাড় দেননি। শেষ ওভারে অর্কাসের দরকার ছিল ৮ রান, হেটমায়ার রোমারিও শেফার্ডকে ১০২ মিটারের বিশাল ছক্কা হাঁকিয়ে কার্যত ম্যাচ ছিনিয়ে নেন। এরপর ঠাণ্ডা মাথায় একটি দুই নিয়ে ম্যাচ শেষ করেন তিন বল বাকি থাকতেই।
পেছনের দুটি ইনিংসেও হেটমায়ার ছিলেন অনবদ্য—৪০ বলে অপরাজিত ৯৭ এবং ২৬ বলে ৬৪*। এই ধারাবাহিকতা নিয়েই তিনি বলেন, "আমার মনে হয়, দোয়া-দরুদ সাহায্য করছে। আমি আর আমার স্ত্রী অনেক প্রার্থনা করি। সেইসাথে একটা পরিষ্কার মানসিকতা রাখা খুব গুরুত্বপূর্ণ। আগে আমি অনেক বেশি লেগ সাইডে বল টানতাম, যেটা ছিল ভুল। এখন চেষ্টা করি অফসাইডেও খেলতে, এবং বলের গন্তব্য অনুযায়ী শট নিতে। এখনো অনেক কিছু শেখার আছে, কিন্তু আপাতত যা করছি, তা কাজ দিচ্ছে।"
রোমারিও শেফার্ডকে বিশাল ছক্কায় হারিয়ে দিলেও হেটমায়ার হেসে বলেন, "ও আমার ভালো বন্ধু, তাই বেশি গর্ব করছি না। এখনো ওকে নেটে বল করতে হবে, দেখা যাক কী হয়!"
নতুন রাউলের গোলে কোয়ার্টারে রিয়াল
ক্লাব বিশ্বকাপ সফরটা কি ম্যানসিটির জন্য সার্থক ছিল?