দেশের বীমা কোম্পানিগুলো ১৩ লাখ গ্রাহকের ৪ হাজার ৪১৪ কোটি টাকার বীমা দাবি পরিশোধ করছে না বলে জানিয়েছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম। গতকাল বুধবার আইডিআরএ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান তিনি।
আইডিআরএ চেয়ারম্যান বলেন, এখন পর্যন্ত ৩৬ জীবন বীমা কোম্পানির ২৮ লাখ ৮৭ হাজার ৬০৩টি দাবি উত্থাপিত হয়েছে। এর মধ্যে পরিশোধ হয়েছে ১৫ লাখ ৮২ হাজার ১৫২টি। অর্থাৎ এখনো ১৩ লাখ ৫ হাজার ৪৫১টি বীমা দাবি অপরিশোধিত রয়েছে। অর্থাৎ ৪৫ শতাংশ বীমা দাবি অপরিশোধিত রয়েছে। অপরদিকে ৪৬টি নন লাইফ বীমা কোম্পানির ২০ হাজার ২৯৮টি দাবি পরিশোধ করা হয়নি। বীমা কোম্পানিগুলো সময়মতো গ্রাহকদের বীমা দাবির টাকা পরিশোধ না করায় এ খাত চরম আস্থাহীনতার মধ্যে রয়েছে বলেও জানান চেয়ারম্যান। যে কারণে বীমা খাত পিছিয়ে পড়ছে। দেশে ব্যবসা করা ৩২টি বীমা কোম্পানি উচ্চঝুঁকিতে রয়েছে।
