এবার ৯ ছক্কায় ঝড় বইয়ে দিলেন বৈভব সূর্যবংশী

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০২:৩৯ পিএম

আইপিএল মাতানো ১৪ বছরের কিশোর বৈভব সূর্যবংশী এখন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ইংল্যান্ড সফরে আছেন। স্বাগতিক দলের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রতি ম্যাচেই হাসছে তার ব্যাট। তৃতীয় ওয়ানডেতেও রান তাড়া করতে নেমে খেলেছেন ৩১ বলে ৬ চার ৯ ছক্কায় ৮৬ রানের ইনিংস।

বৃষ্টির কারণে ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছিল ৪০ ওভারে। ইংল্যান্ড আগে ব্যাটিংয়ে নেমে ৬ উইকেট তোলে ২৬৮ রান। অভিজ্ঞান কুন্ডুর সঙ্গে ওপেন করতে নেমে ঝোড়ো ইনিংস খেলেন বৈভব। একের পর এক শট গিয়ে পড়ে বাউন্ডারিতে। মাত্র ২০ বলে ফিফটি পূরণ করেন। একসময় মনে হচ্ছিল, সেঞ্চুরিটা হয়তো হয়েই যাবে। তবে সেটা আর হয়নি। ৮৬ রানেই থামতে হয় বৈভবকে।

শেষ পর্যন্ত ৪ উইকেটের জয়ে সিরিজে এগিয়ে গেছে ভারত। আগের দুটি ওয়ানডেতেও বৈভবের ব্যাট হেসেছে। প্রথম ম্যাচে ১৯ বলে ৩ চার ৫ ছক্কায় খেলেন ৪৮ রানের ইনিংস। পরের ম্যাচে ৩৪ বলে ৫ চার ৩ ছক্কায় করেন ৪৫ রান। ওই ম্যাচটি ১ উইকেটে হেরে যায় ভারত। তৃতীয় ম্যাচে আবারও কার্যকর ইনিংস এলো বৈভবের ব্যাট থেকে।

গত আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে মাতিয়ে দিয়েছিলেন বৈভব। মাত্র ৩৫ বলে হাঁকিয়েছিলেন রেকর্ড গড়া সেঞ্চুরি। ৭ ম্যাচে ৩৬ গড় ও ২০৬.৫৫ স্ট্রাইক রেটে করেছিলেন ২৫২ রান। তার সর্বোচ্চ স্কোর ছিল ১০১ রানের। ভারতের ক্রিকেটের ভবিষ্যত হিসেবে ধরা হয় বৈভবকে। তাকে গড়ে তুলছেন কিংবদন্তি রাহুল দ্রাবিড়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত