৫ আগস্টের পর পুলিশ ধৈর্য্যের সঙ্গে দায়িত্ব পালন করছে: আইজিপি

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৭:১১ পিএম

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ‘৫ আগস্টের পর থেকে পুলিশ অত্যন্ত ধৈর্য্য ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছে। ইতিহাস তাদের সেই অবদান মনে রাখবে।’

বৃহস্পতিবার বরিশাল মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে রুপাতলিস্থ পুলিশ লাইন্সের ড্রিল শেডে বিভাগে কর্মরত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে বিশেষ কল্যাণ সভায় এ কথা বলেন তিনি।

আইজিপি বাহারুল আলম বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনে সকল পুলিশ সদস্যকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বজায় রাখতে হবে।’

তিনি বলেন, ‘হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো, ছুটিতে মোটরসাইকেল ব্যবহার, পুলিশের পোশাক পরে ছবি/ভিডিও পোস্ট এবং নিজেকে সামাজিক মাধ্যমে পুলিশ পরিচয় দেওয়া থেকে বিরত থাকতে হবে।’

সভায় তিনি ঝুঁকি ভাতা, সুদমুক্ত ঋণ, চিকিৎসা, ছুটি ও রেশনসহ অন্যান্য সুবিধা নিয়ে পুলিশ সদস্যদের মতবিনিময় করেন।

সভা শুরুতে জুলাই আন্দোলনে নিহত শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়। পরে আইজিপিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং তিনি পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ করেন।

বেলা সাড়ে ৩টায় তিনি বরিশাল জেলা পুলিশ লাইন্সের গ্র্যাটিটিউট হলে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন।

এ সময় বরিশাল মেট্রোপলিটন পুলিশ, রেঞ্জ ডিআইজি, জেলা পুলিশ, এপিবিএন, আরআরএফ এবং বিভাগীয় পুলিশ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত