চৌদ্দগ্রাম সীমান্তে অনুপ্রবেশকালে ভারতীয় নাগরিক আটক

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৯:৫৯ পিএম

কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে বাবুল চন্দ্রনাথ (৬৫) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি’র উপজেলার আনন্দপুর বিওপি ক্যাম্প। বুধবার রাতে উপজেলার বাতিসা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আটক বাবুল চন্দ্রনাথ ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মায়াপুর থানার গৌরনগর গ্রামের মৃত প্রকাশচন্দ্র নাথের ছেলে।

আনন্দপুর বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার মো. আব্দুল হালিম বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাকে আসামি করে থানায় একটি মামলা করেন। বৃহস্পতিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।

এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার আনন্দপুর বিওপি ক্যাম্পের বাতিসা ইউনিয়ন সীমান্তবর্তী দুর্গাপুর ২১১২/৪ এস পিলার হতে ১০০ গজ ভেতরে (বাংলাদেশের অভ্যন্তরে) অবৈধভাবে প্রবেশকালে বাবুল চন্দ্রনাথকে আটক করা হয়। আটককালে তিনি কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।

এ সময় তার কাছ থেকে ভারতীয় রুপি ও মোবাইল ফোন জব্দ করা হয়। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে বৃহস্পতিবার দুপুরে তার বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের শেষে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

চৌদ্দগ্রাম থানার ওসি মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, আনন্দপুর বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল হালিম বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে একজনকে আসামি করে থানায় মামলা করেন। বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত