বিড়াল ধরতে গিয়ে ছাদ থেকে পড়ে স্কুল ছাত্রের মৃত্যু

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ১১:১৮ পিএম

রাজধানী যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকায় দশতলা ভবনের ছাদে বিড়াল ধরতে গিয়ে নিচে পড়ে আদিব আদনান (১২) নামে এক স্কুল ছাত্র মারা গেছে।

বৃহস্পতিবার (৩জুলাই) সন্ধ্যা ৭টার দিকে যাত্রাবাড়ি মাতুয়াইল কেরানি মোড় এলাকার একটি বাসায় ঘটনাটি ঘটে। স্বজনরা ভুক্তভোগী স্কুল ছাত্রকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেলে মৃত আদিবের বড় ভাই রেদোয়ান ফাহিম বলেন, তারা মাতুয়াইলের ওই দশতলা ভবনের পাঁচতলায় ভাড়া থাকে। তাদের বাড়ি বগুড়া জেলার শেরপুর থানার খন্দকার পাড়া এলাকায়। বাবার নাম আমিনুল ইসলাম। আদিব শামসুল হক স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র ছিল।

তিনি আরও বলেন, আমাদের বাসায় একটি বিড়াল আছে। সন্ধ্যার দিকে বিড়ালটিকে ধরতে গিয়েছিল দশতলার ছাদে। সেখান থেকে নিচে পড়ে যায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, যাত্রাবাড়ি এলাকা থেকে স্বজনরা ওই শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত