দেশি কাগজ শিল্পের অস্তিত্ব টেকাতে হবে

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১২:০৯ এএম

আমাদের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক কারণেই দেশীয় কাগজ শিল্পের অস্তিত্ব টেকানো গুরুত্বপূর্ণ। বিশ্বায়নের এই যুগে বিদেশি কাগজের সহজলভ্যতা এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার দেশীয় কাগজ শিল্পকে যে কঠিন চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে, তা সবাই জানেন। কিন্তু এই শিল্পের বিলুপ্তি শুধু অর্থনৈতিক ক্ষতি নয় আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এবং কর্মসংস্থানের ওপরও নেতিবাচক প্রভাব ফেলবে। উন্নত-অনুন্নত প্রায় সব দেশই নিজেদের শিল্পভিত্তিকে দৃঢ় করার চেষ্টা করে। অর্থনৈতিক ভিত্তি মজবুত এবং নিজ দেশের জনগোষ্ঠীর কর্মসংস্থান নিশ্চিত করার ক্ষেত্রে নিজস্ব শিল্প বিকাশের বিকল্প নেই। বাংলাদেশও তা-ই চায়।  কিন্তু কখনো কখনো সরকারের কিছু সিদ্ধান্ত ও তার অপপ্রয়োগ সেই ধারাবাহিকতা ক্ষুণœ করে। তেমনি একটি সিদ্ধান্ত হচ্ছে, শুল্কমুক্ত বন্ড সুবিধার আওতায় পাঠ্যপুস্তক মুদ্রণের জন্য কাগজ আমদানি করতে দেওয়া।

প্রাচীনকাল থেকেই হাতে তৈরি কাগজের একটি সমৃদ্ধ ঐতিহ্য আমাদের দেশে রয়েছে। পুঁথি, পা-ুলিপি এবং বিভিন্ন লোকশিল্পে দেশীয় কাগজের ব্যবহার ছিল অপরিহার্য। এই ঐতিহ্যবাহী শিল্পকে বাঁচিয়ে রাখা মানে, আমাদের পূর্বপুরুষদের জ্ঞান এবং সৃষ্টিকে সম্মান জানানো। আধুনিক যুগেও, হাতে তৈরি কাগজের একটি বিশেষ আবেদন রয়েছে, যা বিদেশি মেশিনে তৈরি কাগজ দিতে পারে না। এর টেক্সচার, স্থায়িত্ব এবং পরিবেশবান্ধব বৈশিষ্ট্যই তাকে অনন্য করে তোলে। এই শিল্প প্রত্যক্ষ ও পরোক্ষভাবে হাজার হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করে চলেছে। বিশেষ করে গ্রামীণ অর্থনীতিতে এর ভূমিকা অনস্বীকার্য। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ হিসেবে অনেক কারখানা পরিচালিত হচ্ছে, যা স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকায় সহায়ক। বিদেশি কাগজের ওপর নির্ভরশীলতা বাড়লে এই কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়বে, যা দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকির। দেশীয় কাগজ শিল্প, বিশেষ করে যেখানে বর্জ্য পদার্থ বা পুনর্ব্যবহারযোগ্য উপকরণ ব্যবহার করা হয়, তা পরিবেশের জন্য অত্যন্ত উপকারী। অনেক দেশীয় কাগজ কারখানা পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়ার ওপর জোর দেয়, যা কম শক্তি ব্যবহার এবং কম বর্জ্য উৎপন্ন করে। বিদেশি কাগজ আমদানির ক্ষেত্রে দীর্ঘ পরিবহন পথের কারণে কার্বন নিঃসরণ বৃদ্ধি পায়। স্থানীয়ভাবে কাগজ উৎপাদন পরিবেশের ওপর চাপ কমায় এবং টেকসই উন্নয়নে সহায়তা করে। এ ছাড়াও কাগজ একটি নবায়নযোগ্য সম্পদ এবং এর পুনর্ব্যবহার পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

যথাযথ দেখভালের অভাবে, একটি অসাধু চক্র বিপুল পরিমাণ কাগজ আমদানি করছে এবং শর্ত ভেঙে সেগুলো খোলাবাজারে বিক্রি করে দিচ্ছে। ফলে দেশীয় কাগজ শিল্পের অস্তিত্ব হুমকির মুখে পড়ছে। দেশে নিবন্ধিত পেপার মিলের সংখ্যা ১২৮। এর মধ্যে ১০৬টি মিলের কাগজ উৎপাদনের সক্ষমতা রয়েছে বছরে ১৬ লাখ টন। অভ্যন্তরীণ চাহিদা রয়েছে ৯ লাখ টন। মিলগুলো অভ্যন্তরীণ চাহিদা মিটিয়ে অতিরিক্ত কাগজ ৪০টিরও বেশি দেশে রপ্তানি করছে। এতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। এই খাতে প্রত্যক্ষভাবে ২৫ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে এবং পরোক্ষভাবে এক কোটি মানুষের জীবন-জীবিকা এই শিল্পের ওপর নির্ভরশীল। দেশীয় কাগজ শিল্পের উদ্যোক্তারা এই খাতে প্রায় এক লাখ কোটি টাকা বিনিয়োগ করেছেন। কাগজ শিল্পকে কেন্দ্র করে দেশে ৩০০টির বেশি সহায়ক শিল্প গড়ে উঠেছে। এখান থেকে প্রতি বছর পাঁচ হাজার কোটি টাকার রাজস্ব পাওয়া যাচ্ছে। পত্রিকান্তরে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নির্ধারিত স্পেসিফিকেশন অনুযায়ী, চাহিদার সব কাগজ সরবরাহে সক্ষমতা রয়েছে দেশীয় মিলগুলোর।

২০ বছর ধরে এনসিটিবির সরাসরি কেনা কাগজ দেশীয় মিলগুলো নির্ধারিত গুণগতমান বজায় রেখে এবং এনসিটিবির সব শর্ত পরিপালন করে সরবরাহ করে আসছে। তা সত্ত্বেও কাগজ আমদানির জন্য প্রযোজ্য শুল্ক ও নিয়ন্ত্রণমূলক শুল্ক (আরডি) মওকুফ করা হয়। এর ফলে এনসিটিবির কার্যাদেশ পাওয়া মুদ্রণকারী প্রতিষ্ঠানগুলো দেশীয় মিলের কাগজ না কিনে, বিনা শুল্কে ছাপানোর কাগজ আমদানি করছে এবং শুল্কমুক্ত সুবিধায় আমদানির শর্ত ভঙ্গ করে খোলাবাজারে তা বিক্রি করে দিচ্ছে যা দেশীয় কাগজশিল্পের অস্তিত্বের জন্য বিরাট হুমকিস্বরূপ। সম্প্রতি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে এসব তথ্য তুলে ধরে আমদানিতে শুল্ক সুবিধা প্রত্যাহারের প্রস্তাব করেছে বাংলাদেশ পেপার মিলস অ্যাসোসিয়েশন (বিপিএমএ)। সংগঠনটির পক্ষে এর আগেও শিক্ষা উপদেষ্টার কাছে দেওয়া আবেদনে বলা হয়, দেশীয় কাগজকলগুলোর দেশের চাহিদার চেয়ে বেশি উৎপাদন ক্ষমতা থাকা সত্ত্বেও বিদেশ থেকে শুল্কমুক্ত সুবিধায় কাগজ আমদানি করা হচ্ছে এবং খোলাবাজারে বিক্রি করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে দেশীয় কাগজ শিল্প। এই অবস্থায় ছাপার জন্য কাগজ আমদানিতে শুল্ক মওকুফের সিদ্ধান্ত প্রত্যাহারের প্রস্তাব দিয়েছে বিপিএমএ। আধুনিক উৎপাদন প্রযুক্তির অভাবে দেশীয় কারখানাগুলো, গুণমান এবং উৎপাদনে পিছিয়ে পড়ছে। কাগজ তৈরির কাঁচামাল, যেমন মণ্ড, পাল্প বা বর্জ্য কাগজের মূল্য বৃদ্ধি উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে। অনেক সময় সরকারি নীতি সহায়তা বা প্রণোদনার অভাব শিল্পটিকে দুর্বল করে তোলে। দেশীয় কাগজের বাজারজাতকরণ এবং ব্র্যান্ডিংয়ে দুর্বলতা একটি বড় সমস্যা। 

এই চ্যালেঞ্জগুলো মোকাবিলা করে দেশীয় কাগজ শিল্পের অস্তিত্ব টিকিয়ে রাখতে হলে, সমন্বিত উদ্যোগ গ্রহণ করা জরুরি। আধুনিক এবং পরিবেশবান্ধব উৎপাদন প্রযুক্তিতে বিনিয়োগ করা অপরিহার্য। এতে উৎপাদন খরচ কমার পাশাপাশি পণ্যের গুণমানও বাড়বে। সরকারের পক্ষ থেকে শুল্ক হ্রাস, ভর্তুকি এবং সহজ ঋণ সুবিধার মতো নীতি সহায়তা প্রদান করা উচিত। এতে দেশীয় উৎপাদনকারীরা বিদেশি প্রতিযোগিতার সঙ্গে পাল্লা দিতে পারবে। একই সঙ্গে দেশীয় কাগজ উৎপাদনকারীদের পণ্যের গুণমান উন্নত করতে হবে এবং নিত্যনতুন ডিজাইন ও বৈচিত্র্য নিয়ে আসতে হবে। হাতে তৈরি কাগজ, পরিবেশবান্ধব কাগজ বা বিশেষায়িত কাগজের মতো নির্দিষ্ট খাতের ওপর জোর দেওয়া যেতে পারে। ভোক্তাদের মধ্যে দেশীয় পণ্যের ব্যবহার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে হবে। ‘মেড ইন বাংলাদেশ’ ধারণাকে জনপ্রিয় করতে হবে। নতুন কাঁচামাল এবং পরিবেশবান্ধব উৎপাদন প্রক্রিয়া উদ্ভাবনে গবেষণা ও উন্নয়নকে উৎসাহিত করতে হবে।

লেখক : শিক্ষার্থী, গণিত বিভাগ জগন্নাথ বিশ্ববিদ্যালয়

[email protected]

×
সর্বশেষ সর্বাধিক পঠিত