বগুড়ায় শহর থেকে গত বৃহস্পতিবার রাতে অপহরণের শিকার তিন ছাত্রকে সেনাবাহিনী অভিযান চালিয়ে উদ্ধার করেছে। এ সময় ধারালো অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মালতীনগর এলাকার আবির হোসেন বিদ্যুৎ, ওয়াজ ম-ল, মাসুম আলম নাইম, মেহেদর হাসান। তাদের কাছ থেকে ৭টি দেশীয় অস্ত্র, ১৩টি সিম কার্ড, ৩টি ফাঁকা স্ট্যাম্প, ২৭ লাখ ৫০ হাজার টাকার একটি চেক, একটি কম্পিউটার, বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল, গাঁজা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
গতকাল শুক্রবার দুপুরে বগুড়া সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন সাজ্জাদ রায়হান আকাশ জানান, বৃহস্পতিবার রাত আটটার দিকে মালতীনগর এলাকা থেকে কিশোর গ্যাং সদস্যরা তিন ছাত্রকে অপহরণের পর তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। খবর পেয়ে সেনা সদস্যরা অভিযান চালিয়ে ওই তিন ছাত্রকে সুস্থ অবস্থায় উদ্ধার করে। নিরাপত্তার স্বার্থে ওই তিন ছাত্রের পরিচয় গোপন রাখা হয়েছে।
