মাঠে খেলতে যাওয়ায় মাদরাসার ৭ শিশুকে পিটিয়ে আহত

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৯:৩৭ পিএম

মাদারীপুরে শিক্ষকের আসতে দেরি দেখে মাঠে খেলতে যাওয়ায় ৭ শিশু শিক্ষার্থীকে বেত দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে।

শনিবার (৫ জুলাই) মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের বাসাবাড়ি এলাকার বাসাবাড়ি মোহাম্মাদিয়া ইসলামিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অভিযুক্ত শিক্ষক শাকিল মোল্লা রাজৈর পৌর এলাকার পশ্চিম রাজৈর গ্রামের বাসিন্দা। তিনি মাত্র এক সপ্তাহ আগে ওই মাদরাসায় সহকারি শিক্ষক হিসেবে যোগদান করেছেন।

আহত শিক্ষার্থীরা হলো— মোস্তাকিম ফকির, মাহিম, গোলাম আব্দুল্লাহ্, সাইফুল, সুলাইমান, আব্দুল্লাহ বেপারী ও জুয়েল। তাদের সকলের বয়স ৫ থেকে ৭ বছর।

স্বজন ও আহত শিক্ষার্থীরা জানায়, শ্রেণিকক্ষে শিক্ষকদের আসতে দেরি দেখে কয়েকজন শিক্ষার্থী মাদরাসার সামনের মাঠে কাগজের কয়েকটি টুকরা নিয়ে খেলা শুরু করে। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হন শিক্ষক শাকিল মোল্লা। পরে ওই শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ডেকে নিয়ে বেত্রাঘাত করে। এতে আহত হয় ৭ শিশু।

এসময় স্থানীয়রা শিশুদের চিৎকার শুনে ছুটে আসলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন অভিযুক্ত ওই শিক্ষক। পরে আহত অবস্থায় তাদেরকে উদ্ধার করা হয় এবং এরমধ্যে ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এই ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

আহত শিক্ষার্থীরা বলেন, মাদরাসার সামনের মাঠে কাগজের কয়েকটি টুকরা নিয়ে খেলছিলাম। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হন আমাদের শিক্ষক শাকিল মোল্লা। পরে আমাদের শ্রেণিকক্ষে ডেকে নিয়ে বেত্রাঘাত করেন।

এদিকে ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত শিক্ষক শাকিল মোল্লা মুঠোফোনে বলেন, শিশুদের খেলা দেখে রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছিল। এতেই এমন ঘটনা ঘটেছে। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। মাদরাসা থেকে চলে আসার পর ওই শিশুদের আত্মীয়-স্বজন আমার ওপর হামলা চালিয়েছে। আমাকেও ব্যাপক মারধর করেছে।

বাসাবাড়ি মোহাম্মাদিয়া ইসলামিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক হাফেজ আব্দুল হালিম বলেন, শিশুদের মারধরের সময় আমি মাদরাসায় উপস্থিত ছিলাম না। পরে শুনে আমি মাদরাসায় আসি। ততক্ষণে ওই শিক্ষক মাদরাসা থেকে চলে গেছে। বিষয়টিতে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে সমাধানের চেষ্টা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত