আওয়ামী নেতাদের দমন-পীড়ন ইয়াজিদ বাহিনীর সমতুল্য

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৮:০৬ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশত্যাগ করে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাদের পৈশাচিক দমন-পীড়ন ইয়াজিদ বাহিনীর সমতুল্য ছিল। গতকাল শনিবার পবিত্র আশুরা উপলক্ষে গণমাধ্যমে প্রদত্ত এক বাণীতে তিনি এ মন্তব্য করেন।  এ ছাড়াও তিনি শহীদ হযরত ইমাম হোসেন (রা.), তার শহীদ পরিবার এবং সঙ্গীদের শাহাদাতের স্মরণে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করেন।

তারেক রহমান বলেন, ‘গত ১৬ বছরে পতিত আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বাচনী ভাঁওতাবাজি, ভোটাধিকার হরণ, গুম, বিচারবহির্ভূত হত্যা, সন্ত্রাস ও টাকা পাচারের মাধ্যমে এক অবর্ণনীয় শোষণ ও জুলুমের রাজত্ব কায়েম করেছিল। ইমাম হোসেন (রা:) ও তার সঙ্গীদের আত্মত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের অবিরাম সংগ্রাম চালিয়ে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘নির্দয় অত্যাচারী শক্তির পুনরুত্থান রোধে ইমাম হোসেনের বাহিনীর সংগ্রাম আমাদের সবসময় প্রতিরোধের প্রেরণা জোগাবে।’

অন্যদিকে, এক পৃথক বাণীতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘পতিত আওয়ামী স্বৈরাচার দেশকে কারবালার প্রান্তরে পরিণত করেছিল। মানুষকে জুলুম, হিংস্রতা ও রক্তপাতের এক দুঃসহ দুঃশাসনের মধ্য দিয়ে জীবনযাপন করতে হয়েছে। আশুরা আমাদের ত্যাগ, নৈতিকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধের শিক্ষা দেয় এবং নিপীড়িতদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সংহতি জাগ্রত করে।’

শহীদ আব্দুল্লাহর ক্যানসার আক্রান্ত ভাইয়ের চিকিৎসার খোঁজ : চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের ক্যানসার আক্রান্ত ছোট ভাই জিসানের চিকিৎসাসংক্রান্ত সার্বিক বিষয়ে খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে তাদের মায়ের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় জিসানের চিকিৎসার খোঁজ নেন এবং সর্বদা পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান বলেন, ‘বিএনপি সব সময় আপনার পাশে থাকবে। মানুষ হিসেবে আমরা সব সময় সাধ্যমতো আপনার পরিবারের পাশে আছি। শুধু জিসানই নয়, সব শহীদ পরিবারের পাশে বিএনপি থাকবে।’

তিনি আরও বলেন, ‘আপনি একা নন। আপনার ভাইয়েরা আপনার পাশে থাকবে। জিসান দ্রুত সুস্থ হয়ে উঠবে ইনশাআল্লাহ। এ সময় তারেক রহমান জিসানের জন্য ফল, টি-শার্ট, গল্পের বইসহ খেলনা উপহার দেন।’

শহীদ আব্দুল্লাহর মা ফাতেমা তুজ জোহরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তার পরিবারের পাশে থাকার জন্য তারেক রহমানকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন, সদস্য সচিব কৃষিবিদ মো. মোকছেদুল মোমিন (মিথুন) ও জিসানের মামা মো. আতিক প্রমুখ।

গত বছর জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হন আব্দুল্লাহ বিন জাহিদ। গত পহেলা জুলাই রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় শহীদ আব্দুল্লাহর মা বক্তব্য দেওয়ার সময় সভায় উপস্থিত অনেকের চোখ ভিজে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত