রাজধানীর খিলক্ষেতে কাভার্ডভ্যানের চাপায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) একজন নারী ও পুরুষ পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন। এই ঘটনায় কাভার্ডভ্যান চালক আবুল কাশেমকে আটক করেছে পুলিশ।
রবিবার (৬ জুলাই) সকালে ‘লা মেরিডিয়ান’ হোটেলের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- আশরাফ আলী (৬০) ও নিহার (৪০)।
বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন। তিনি বলেন, দুজন নিহত হয়েছেন। দুজনই ঢাকা উত্তর সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কর্মী। আমরা কাভার্ডভ্যান চালককে আটক করেছি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাস্তার পাশে পরিচ্ছন্নতার কাজ করার সময় একটি দ্রুতগতির কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুইজনকে চাপা দেয়। দুর্ঘটনার পর চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশ তাকে আটক ও কাভার্ডভ্যানটি জব্দ করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হোসাইনী দালান থেকে তাজিয়া মিছিল, ধর্মীয় ভাবগম্ভীরতায় রাজধানী