পাকিস্তানে অফিস বন্ধ করে দিচ্ছে মাইক্রোসফট

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৩:৪০ পিএম

বিশ্বজুড়ে কর্মী ছাঁটাই এবং কার্যক্রম পুনর্গঠনের অংশ হিসেবে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট তাদের পাকিস্তান অফিস বন্ধ করে দিচ্ছে। দীর্ঘ ২৫ বছর ধরে দেশটিতে কার্যক্রম চালিয়ে আসা প্রতিষ্ঠানটি এখন ‘ক্লাউড-ভিত্তিক’ ও ‘অংশীদার-নেতৃত্বাধীন’ মডেলে রূপান্তর করছে তাদের বৈশ্বিক কার্যক্রম—এ তথ্য জানিয়েছে ভারতের ইংরেজি সংবাদমাধ্যম দ্য হিন্দু।

গত শুক্রবার বিভিন্ন স্টেকহোল্ডাররা জানান, মাইক্রোসফটের এ সিদ্ধান্ত দেশের অর্থনীতির ওপর আরও চাপ সৃষ্টি করবে। উল্লেখ্য, ২০২৩ সালের পর এটিই প্রতিষ্ঠানটির সবচেয়ে বড় পুনর্গঠন প্রক্রিয়া। বিশ্বজুড়ে ৯ হাজার ১০০ জন কর্মী ছাঁটাই করেছে সংস্থাটি, যা মোট কর্মীর প্রায় ৪ শতাংশ।

মাইক্রোসফট পাকিস্তানের সাবেক কান্ট্রি ম্যানেজার জাওয়াদ রেহমান সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা একটি ‘কেপিআই-চালিত পরিকল্পনার’ মাধ্যমে বৈশ্বিক প্রযুক্তি কোম্পানিগুলোর সঙ্গে অংশীদারত্ব জোরদার করে।

লিঙ্কডইনে দেওয়া এক পোস্টে তিনি বলেন, মাইক্রোসফটের মতো প্রযুক্তি সংস্থাগুলো পাকিস্তানের ব্যবসা পরিবেশকে বর্তমানে অস্থির ও অনিশ্চিত বলে মনে করছে।

এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আরিফ আলভিও। এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘এটি আমাদের অর্থনৈতিক ভবিষ্যতের জন্য একটি উদ্বেগজনক লক্ষণ।’

তিনি আরও দাবি করেন, মাইক্রোসফট একসময় পাকিস্তানে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করলেও দেশের অস্থিরতা এবং অনিশ্চয়তা বিবেচনায় নিয়ে ২০২২ সালের শেষের দিকে তাদের অগ্রাধিকার তালিকায় ভিয়েতনামকে বেছে নেয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত