বিশ্বজুড়ে ৯ হাজার কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট

আপডেট : ০৩ জুলাই ২০২৫, ০৯:৪৮ এএম

বিশ্বজুড়ে প্রায় নয় হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করতে যাচ্ছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে বড় পরিসরে বিনিয়োগ এবং কোম্পানির দক্ষতা বাড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

মাইক্রোসফটের ভাষ্য অনুযায়ী, প্রযুক্তি ও বাজার দ্রুত রূপ বদলাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে তাল মেলাতে কোম্পানির ভেতরে বিভিন্ন ইউনিটে সাংগঠনিক রদবদল ঘটানো হচ্ছে। এরই অংশ হিসেবে চাকরি হারাতে হচ্ছে কর্মীদের।

২০২৪ অর্থবছরের হিসাব বলছে, মাইক্রোসফটের বৈশ্বিক কর্মীসংখ্যা ছিল প্রায় ২ লাখ ২৮ হাজার। সেখান থেকেই ৯ হাজার কর্মী ছাঁটাই করা হচ্ছে, যা প্রতিষ্ঠানটির মোট জনবলের প্রায় ৪ শতাংশ। উল্লেখ্য, চলতি বছরের মে মাসেও মাইক্রোসফট ৬ হাজার কর্মীকে ছাঁটাই করেছিল।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যবস্থাপনার স্তর হ্রাস করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিকে পণ্যে আরও গভীরভাবে একীভূত করাই এই সিদ্ধান্তের পেছনে প্রধান কারণ। মাইক্রোসফটের মতে, কর্মীরা যেন এআই-এর সহায়তায় আরও উদ্ভাবনী ও কার্যকরভাবে কাজ করতে পারেন—সেই লক্ষ্যেই এগোচ্ছে তারা।

বিশ্লেষকেরা মনে করছেন, ওপেনএআই-এর সঙ্গে মাইক্রোসফটের অংশীদারিত্ব এবং জেনারেটিভ এআই প্রযুক্তির সম্প্রসারণ প্রতিষ্ঠানটিকে বড় বিনিয়োগে ঠেলে দিচ্ছে। এর ফলে অবকাঠামোগত ব্যয় বেড়ে গেছে। এই খরচ সামাল দিতে এবং ভবিষ্যতের জন্য সংগঠনকে ঢেলে সাজাতেই কর্মী হ্রাসের পথ বেছে নেওয়া হয়েছে।

ছাঁটাই হওয়া কর্মীদের জন্য মাইক্রোসফট সেভারেন্স প্যাকেজ, স্বাস্থ্যবীমা সুবিধা ও পুনঃকর্মসংস্থানের সুযোগ দেওয়ার কথাও জানিয়েছে।

বিশ্বের প্রযুক্তি খাতে ছাঁটাই ও পুনর্গঠনের প্রবণতা এখন ক্রমবর্ধমান। গুগল, মেটা ও অ্যামাজনের মতো টেক জায়ান্টরাও ইতিমধ্যে একই ধরনের ছাঁটাই প্রক্রিয়া শুরু করেছে। বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে এই ধারা আরও জোরালো হতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত