পুতিন-শি জিনপিংকে ছাড়াই ব্রাজিলে ব্রিকস সম্মেলন

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০৭:৫০ পিএম

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতিকে মাথায় রেখে ব্রাজিলে শুরু হয়েছে ব্রিকস জোটের শীর্ষ সম্মেলন। বহুপাক্ষিক সহযোগিতার পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরতে যাচ্ছে এই ক্রমবর্ধমান জোট।

তবে এবারের সম্মেলনটি ব্যতিক্রম। সম্মেলনে অংশ নিচ্ছেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

২০১২ সালে ক্ষমতায় আসার পর এই প্রথমবারের মতো শি জিনপিং সম্মেলনে সরাসরি অংশ নিচ্ছেন না। তার পরিবর্তে প্রধানমন্ত্রী লি কিয়াং অংশ নিচ্ছেন। আর ২০২২ সালে ইউক্রেনে হামলার কারণে পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা করে আন্তর্জাতিক অপরাধ আদালত। ব্রাজিল আইসিসির সংবিধানে স্বাক্ষরকারী দেশ হওয়ায় আইনত পুতিনকে গ্রেপ্তার করার বাধ্যবাধকতা রয়েছে।

রবিবার রিও ডি জেনেরোতে শুরু হওয়া দুই দিনের এই সম্মেলনে মূলত উন্নয়নশীল দেশের নেতারা অংশ নিচ্ছেন। তারা পশ্চিমা আধিপত্যের বিষয়ে উদ্বেগ জানিয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির উপায় খুঁজবেন বলে ধারণা করা হচ্ছে।

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা— এই পাঁচ দেশের নামের প্রথম অক্ষর থেকে ব্রিকসের নাম করণ। ২০০৯ সালে প্রথম সম্মেলন আয়োজন করে ব্রিকস। সম্প্রতি মিসর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে পূর্ণ সদস্য হিসেবে ব্রিকসে যুক্ত করা হয়েছে।

এছাড়ও ‘কৌশলগত অংশীদার’ নামে নতুন ক্যাটাগরিতে আরও ১০টি দেশকে যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে বেলারুশ, কিউবা ও ভিয়েতনাম।

তবে সম্মেলনে পুতিন ও শির অনুপস্থিতি জোটের ঐক্য ও বৈশ্বিক প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে।

বর্তমানে ব্রিকস জোটের সভাপতিত্ব করছে ব্রাজিল। সম্মেলনে নেতারা ট্রাম্প প্রশাসনের ‘বাছবিচারহীন’ বাণিজ্য শুল্ক নীতির সমালোচনা করবেন বলে ধারণা করা হচ্ছে। তারা এসব শুল্ককে অবৈধ বলে আখ্যা দিয়ে বলবেন, এগুলো বৈশ্বিক অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে। সম্মেলনের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে বৈশ্বিক স্বাস্থ্যনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জলবায়ু পরিবর্তন।

অ্যাসোসিয়েটেড প্রেসকে উদ্ধৃত করে এক প্রতিবেদনে বলা হয়, কিছু সদস্য দেশ গাজায় ইসরায়েলের যুদ্ধ ও ইরানে সাম্প্রতিক হামলার বিষয়ে জোটের পক্ষ থেকে আরও কঠোর অবস্থান দাবি করছে। তবে সূত্রটি এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়েছে, আলোচনার স্পর্শকাতরতা বিবেচনায়।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এই সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত