মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, প্রকৃত মৎস্যজীবীরা যেখানে আছেন, সেখানকার জলমহালের একমাত্র অধিকার সেই মৎস্যজীবীদের। সারা বাংলাদেশে হাওর, বাওর, বিল, জলাশয় সবখানেই ইজারা নিয়ে সমস্যা রয়েছে, আমরা জলমহাল ইজারার নীতিমালা পরিবর্তন করবো।
রবিবার (৬ জুলাই) দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নিমগাছি এলাকায় সমাজভিত্তিক মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পরিদর্শন ও সুফলভোগীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা ফরিদা আখতার বলেন, জুলাইয়ে বাংলাদেশের ছাত্র-যুবক ও তরুনরা জীবনের ঝুকি নিয়ে রাজপথে নেমে দেশের এত বড় একটা পরিবর্তন এনেছে। এখন সরকার থেকে যদি তাদের কর্মসংস্থান, প্রশিক্ষন দিতে না পারি, তাহলে এটা আমাদের ব্যর্থতা।
জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন- মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ ও জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান, নিমগাছী সমাজভিত্তিক মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের পরিচালক শহীদুল ইসলাম, রায়গঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা হুমায়ুন কবির, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. খাদিজা খাতুন ও উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফুল ইসলাম প্রমুখ।
এর আগে সকালে উপদেষ্টা উপজেলার সোনাখাড়া ইউনিয়নের বাশাইল গ্রামে প্রান্তিক পোল্ট্রি খামারিদের সঙ্গে ইউটিসির উদ্যোগে হাঁস-মুরগির পালন বিষয়ে উঠান বৈঠক করেন এবং জয়সাগর দিঘিতে মাছ অবমুক্ত করেন।
