অলিম্পিক-বিশ্বমঞ্চে চোখ ঋতু-আফঈদাদের

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১১:১৩ এএম

মিয়ানমারে ইতিহাস গড়ে ঘরে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রথমবারের মতো এএফসি উইমেন্স এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নেওয়ার পর মধ্যরাতে ঢাকায় পৌঁছায় ঋতুপর্ণা-আফঈদারা।

ক্লান্ত শরীরে ভ্রমণের ধকল থাকলেও উৎসবে মুখর মধ্যরাতেই হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে দাঁড়িয়ে ছিল এক দল বিজয়িনী—তাদের চোখে তখনও ঝিলিক দিচ্ছিল আরও বড় স্বপ্নের আলো।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আয়োজনে সেই স্বপ্নময় রাতেই মিলল সংবর্ধনা। রাত ৩টার কিছু পর বিজয়ী মেয়েরা উঠলেন মঞ্চে, যেখানে ফুটে উঠছিল 'কোয়ালিফায়েড' শব্দটি—স্বপ্নপূরণের নতুন দিগন্তে বাংলাদেশের মেয়েরা। কনফেত্তি উড়ল, বাজল রক মিউজিক, আর জাতীয় পতাকা তুলে দেওয়া হলো ফুটবলারদের হাতে—একটি আবেগঘন, অনুপ্রেরণামূলক দৃশ্য।

সেই মঞ্চেই আত্মবিশ্বাস ঝরালেন দলের অন্যতম তারকা ঋতুপর্ণা চাকমা।

বললেন, "আজ আমরা এখানে এসেছি দলীয় প্রচেষ্টায়। ফুটবল কখনও একার খেলা নয়। আমরা জানি, কীভাবে কঠিন পরিস্থিতির সঙ্গে লড়তে হয়। আপনারা আমাদের ওপর বিশ্বাস রাখবেন, আমরা আপনাদের নিরাশ করব না। শুধু এশিয়া নয়, বিশ্বমঞ্চেও আমরা বাংলাদেশের পতাকা ওড়াতে চাই।”

অধিনায়ক আফঈদা খন্দকার প্রান্তিও তুলে ধরলেন একই প্রত্যয়, “এই মুহূর্তটা আমি কখনো ভুলব না। কিরণ ম্যাডাম ও তাবিথ আউয়াল স্যারকে ধন্যবাদ জানাই আমাদের এত সুন্দরভাবে বরণ করে নেওয়ার জন্য। আমরা শুধু দক্ষিণ এশিয়ায় নয়, বিশ্বমঞ্চেও বাংলাদেশকে তুলে ধরতে চাই।”

বিজয়ের উচ্ছ্বাসের মাঝেও এই কণ্ঠে ছিল পরবর্তী মিশনের ডাক। মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান কাপের মূল পর্বেই অলিম্পিক কিংবা বিশ্বকাপে জায়গা পাওয়ার লড়াই শুরু হবে। মেয়েদের মুখে মুখে তাই এখন একটাই স্বপ্ন—লাল-সবুজ পতাকাকে পৌঁছে দেওয়া আরও উঁচুতে, আরও বড় মঞ্চে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত