এখন আমাদের লক্ষ্য—মিশন অস্ট্রেলিয়া, তাবিথ আউয়াল

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ১১:২০ এএম

এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে ইতিহাস গড়া বাংলাদেশ নারী ফুটবল দলকে নিয়ে এবার আরও বড় স্বপ্ন দেখছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল।

রবিবার মধ্যরাতে দল দেশে ফিরতেই হাতিরঝিলের অ্যাম্ফিথিয়েটারে আয়োজন করা হয় জমকালো সংবর্ধনা অনুষ্ঠান। সেখানে সমাপনী বক্তব্যে তাবিথ জানিয়ে দিলেন পরবর্তী লক্ষ্য—‘মিশন অস্ট্রেলিয়া’।

তাবিথ বলেন, 'আপনারা শুধু ভালো খেলেননি, সমাজ বদলের একটি যাত্রাও শুরু করেছেন। নারী সমাজের জন্য, পুরো দেশের জন্য এবং বিশ্বের নারী জাতির পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই।'

তিনি আরও যোগ করেন, 'এই জয় শুধু ২৩ জনের নয়। এটি ১৮ কোটি মানুষের দলগত প্রচেষ্টার ফল। আমরা সবাই আপনাদের পাশে আছি, এবং পাশে থাকব। আপনারা এগিয়ে যান, সাহস নিয়ে খেলুন। এখন আমাদের একটিই লক্ষ্য—মিশন অস্ট্রেলিয়া।'

ফেডারেশন সভাপতি এ সময় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, 'আপনারা প্রমাণ করেছেন, অসম্ভব বলে কিছু নেই। এই সাফল্য আমাদের মনোভাব বদলেছে, সাহস দিয়েছে—এখন লক্ষ্য আরও উঁচুতে তাকানো।'

আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপের মূল পর্বেই হবে সেই পরবর্তী মিশন। যেখানে সেরা ছয়ের মধ্যে থাকলেই মিলতে পারে বিশ্বকাপের টিকিট। আর তাই এবার চোখ সেই বিশ্বমঞ্চে, যেখানে নতুন ইতিহাস লিখতেই উড়বে লাল-সবুজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত