হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান। গতকাল সোমবার সকালে ফটিকছড়ি উপজেলার নাজিরহাটের জামিয়া ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত পৌঁছালে তাকে হেফাজত নেতারা ও জামিয়ার পক্ষ থেকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
এ সময় মাদ্রাসার মসজিদ প্রাঙ্গণে ছাত্র-শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।
সভায় রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান বলেন, দখলদার ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে মজলুম ফিলিস্তিনের জনগণের পক্ষে সোচ্চার থাকায় কৃতজ্ঞতা জানাতে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। তিনি বলেন, বাংলাদেশের সরকার, জনগণ এবং হেফাজত নেতারা সব সময় ফিলিস্তিনকে সমর্থন জুগিয়ে আসছে। মুসলিমের প্রথম কেবলা আল-আকসা ইহুদিদের জুলুমের শিকার হচ্ছে। নারী-শিশুসহ ফিলিস্তিনের নিরীহ মুসলিম জাতিগোষ্ঠীর ওপর ইসরায়েলের হত্যাযজ্ঞের বিরুদ্ধে বহু হাজার কিলোমিটার দূরের ভূখ- বাংলাদেশের মানুষ সমর্থন জানিয়ে আসছে।
