বৃষ্টির পানিতে ভাসছে ফেনী, ভেঙেছে মুহুরী নদীর বাঁধ

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০১:৫৫ পিএম

ফেনীতে গত ২৪ ঘণ্টায় মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টা থেকে আজ মঙ্গলবার একই সময়ে পর্যন্ত জেলায় ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে জেলা আবহাওয়া অফিস।

দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মজিবুর রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, আগামী দুই থেকে তিন দিন জেলাজুড়ে বৃষ্টি অব্যাহত থাকতে পারে।

টানা বৃষ্টিতে ফেনী শহরের অধিকাংশ সড়ক ডুবে গেছে পানিতে। কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানি জমে রয়েছে। নিচতলার ঘরবাড়ি প্লাবিত হয়ে পড়েছে। স্কুলগামী শিক্ষার্থীরা কোমরসমান পানির কারণে ক্লাসে যেতে না পারায় অনেক প্রতিষ্ঠান ছুটি ঘোষণা করেছে। তবে যেসব শিক্ষার্থীর পরীক্ষা ছিল, তারা কেউ হেঁটে, কেউ রিকশায় জল ভেঙেই অংশ নিয়েছে পরীক্ষায়।

শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, রামপুর শাহীন অ্যাকাডেমি, পাঠান বাড়ি, নাজির রোড, পেট্রোবাংলা এলাকার পরিস্থিতি সবচেয়ে নাজুক। দোকানে পানি ঢুকে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। সড়কের পানি ইঞ্জিনে ঢুকে পড়ায় রিকশা, সিএনজি অটোরিকশাসহ অনেক যানবাহন বিকল হয়ে পড়ে থাকে রাস্তায়। সকাল থেকেই যাত্রীরা যানজটে ও পানি জমে থাকা সড়কে দুর্ভোগে পড়েন।

দুপুর ১২টার দিকে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের বিভিন্ন অংশে কোমর পানি জমে থাকতে দেখা গেছে। ব্যাটারিচালিত রিকশা ও অটোরিকশা অচল হয়ে সড়কের পাশে পড়ে থাকতে দেখা গেছে।

অন্যদিকে, ভারী বৃষ্টির প্রভাবে ফুলগাজী উপজেলা সদরের শ্রীপুর রোডে মুহুরী নদীর বাঁধ ভেঙে পড়ায় আশপাশের কয়েকটি দোকান ধসে গেছে। নিলক্ষ্মী-গাবতলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম বলেন, ‘মুহুরী নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে উজানে ভারী বর্ষণ হলে নদীর পানি বাড়তে পারে। ভাঙন রোধে আমরা সতর্ক অবস্থানে রয়েছি।’

এদিকে মঙ্গলবার সকাল থেকে শহরের অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, যা দুর্ভোগ আরও বাড়িয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত