হাওর সুরক্ষায় মাস্টারপ্ল্যান করছে সরকার: পরিবেশ উপদেষ্টা

আপডেট : ০৮ জুলাই ২০২৫, ০৯:০৩ পিএম

অন্তর্বর্তী সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, হাওর সুরক্ষায় একটি পূর্ণাঙ্গ মহাপরিকল্পনা প্রণয়ন করছে সরকার। প্রাথমিকভাবে ৫টি হাওরে বাঁধনির্মাণ, বৃক্ষরোপণ, পর্যটন সুরক্ষা ও নীতিমালা প্রণয়নসহ চারটি প্রধান পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর বাইরে হাওর ঘিরে যে অভিমতগুলো এসেছে সেগুলো মহাপরিকল্পনায় সন্নিবেশ করা হচ্ছে।

মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে ‘হাওরের সংকট ও সম্ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নেত্রকোণা সাংবাদিক ফোরাম-ঢাকা এর উদ্যোগে এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের সার্বিক সহযোগিতায় ছিল গ্রিন কনসার্ন ফাউন্ডেশন। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রফিক মুহাম্মদ। সেমিনারে কি-নোট উপস্থাপন করেছেন সংগঠনের অর্থ বিষয়ক সম্পাদক ও কথাসাহিত্যিক মুহাম্মদ মোফাজ্জল।

উপদেষ্টা বলেন, হাওরের ইকো সিস্টেম পৃথিবীতেই বিরল। এটিকে অবশ্যই সুরক্ষিত করতে হবে। হাওরের সীমানা নির্ধারণ করে কৃষি-জমি থেকে মাটি উত্তোলনের মতো ক্ষতিকর কর্মকাণ্ড বন্ধ করতে হবে। 

তিনি বলেন, হাওর মহাপরিকল্পনার কাজ শুরু হয় ২০২৩ সালে। মহাপরিকল্পনাটা হালনাগাদ করা হয়েছে। হাওর এলাকার মানুষের মতামতটা এখানে প্রতিফলিত হবে এবং হাওরগুলোর সীমানা চিহ্নিত করার একটা বিধান রাখা হবে। হাওরে কখন বাঁধ নির্মাণ করা হবে, কীভাবে স্থানীয় উপকারভোগী নির্ধারণ করা হবে, আর কাদের বাঁধ নির্মাণের কাজে যোগ করা হবে- সে সংক্রান্ত নির্দেশিকাও সংশোধন করা হবে বলে জানান উপদেষ্টা।

রিজওয়ানা হাসান বলেন, কালনার হাওর, খরচার হাওর ও কালিয়াকোটা হাওরসহ ৫ হাওরে গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। কারণ এখানে গাছের সংখ্যা অনেক কম। এর বাইরেও যদি কোনো কোনো হাওর নেওয়া যায় সেটা আপনারা আমাকে জানাতে পারেন। আমি গাছ লাগিয়ে দেই, তারপর ৯০ ভাগ মানুষ জ্বালানির জন্য কেটে নেয়, তাহলে তো কোন কাজের কথা হল না, সেখানে আমাদের একটা মনিটরিং প্ল্যানে আসতে হবে।

হাওরের পর্যটন নিয়ন্ত্রণে সুরক্ষা আদেশ প্রস্তুত করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আশা করি এটা চূড়ান্ত করব। সেখানে আমরা বলে দেব, পর্যটকরা কী করতে পারবেন, কী পারবেন না। এগুলোর ক্ষেত্রে পর্যটকদের সতর্ক হতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত