জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়ে টেস্টে অদ্ভুত এক কাণ্ড ঘটিয়েছেন ওয়েইন মুলডার। দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত এই অধিনায়ক বিশ্বরেকর্ড গড়ার সুযোগ পেয়েও কাজে লাগাননি। ব্রায়ান চার্লস লারার ৪০০ রানের রেকর্ড ভাঙার সুযোগ থাকলেও তিনি অপরাজিত ৩৬৭ রান করেই ইনিংস ঘোষণা করেন। পরে বলেন, টেস্টে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড লারার মতো কিংবদন্তির পাশেই মানায়।
৫ উইকেটে ৬২৬ রানে ইনিংস ঘোষণা করেছিলেন মুলডার। গতকাল শেষ হওয়া সেই টেস্ট দক্ষিণ আফ্রিকা জিতে নিয়েছে ইনিংস ব্যবধানে। টেস্ট ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এবং দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলে ২৭ বছর বয়সী মুলডার বলেছিলেন, ‘রেকর্ড লারারই থাকা উচিত। লারা একজন কিংবদন্তি। তার মতো একজনের কাছে এই রেকর্ড থাকাটা খুব স্বাভাবিক। আমি যদি আবারও এমন সুযোগ পাই, সম্ভবত একই সিদ্ধান্তই নেব।’
তার এমন মন্তব্য নিয়ে নানারকম আলোচনা-সমালোচনা হচ্ছে। কেউ কেউ তাকে স্যালুট জানাচ্ছেন। আবার অনেকেই মনে করছেন, মুলডার যদি লারাকে সম্মান জানাতে চাইতেন, তাহলে ৩৯৯ রানে গিয়ে থামতেন। এত আগে কেন থেমেছেন? ‘দ্য ইউনিভার্স বস’ খ্যাত ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিস গেইলও মনে করেন, মুলডার ভুল সিদ্ধান্ত নিয়েছেন। এমন সুযোগ জীবনে একবারই আসে, সেটা মুলডারের কাজে লাগানো উচিত ছিল।
লারার দেশের ব্যাটিং দানব গেইলের ভাষায়, ‘আমি মনে করি, ওর দিক থেকে এটা ভুল সিদ্ধান্ত ছিল। অন্তত চেষ্টা না করাটাই ছিল ভুল। সে আসলে ৪০০ করতে পারত কিনা সেটা আমরা জানি না। সে ৩৬৭ রানে থেমে গিয়ে ইনিংস ঘোষণা করেছে এবং নিজের মতামত দিয়েছে। কিন্তু আসল কথা হলো, এমন সুযোগ জীবনে একবারই আসে। টেস্ট ম্যাচে ৪০০ রান করা! তুমি এই সুযোগটা একেবারে নষ্ট করে ফেলেছ ভাই!’
সিরিজ হেরে মিরাজ কখন কী বলছেন নিজেও জানেন না!
‘সাকিবের জন্য দরজা খোলা’, জানালেন বিসিবি পরিচালক
জোটার মৃত্যু নিয়ে তদন্ত, দ্রুতগতিই বড় কারণ বলে ধারণা পুলিশের