রাজধানীর গুলিস্তান এলাকায় মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার কাছে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক অন্তঃসত্ত্বা নারী নিহত হয়েছেন। নিহতের নাম মেহেরুন্নেছা ভূমি (২২)। ৮ মাসের গর্ভবতী ছিলেন তিনি। এ ঘটনায় আরও দুই মোটরসাইকেল আরোহী আহত হন, যাদের মধ্যে একজন রাইড শেয়ারচালক রোকনুদ্দিন আহমেদ রানা (৪৫)।
ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে। জ্যামে থেমে থাকা মোটরসাইকেলগুলোকে পেছন থেকে ধাক্কা দেয় দ্রুতগামী মঞ্জিল পরিবহনের একটি বাস। এতে ভূমি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মারাত্মকভাবে আহত হন। দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১টার দিকে তার মৃত্যু হয়।
ভূমির স্বামী মুসা কালিমুল্লাহ জানান, তারা যাত্রাবাড়ীর সাদ্দাম মার্কেট মদিনা চত্বর এলাকার বাসিন্দা। সকালে স্ত্রীর প্রসবজনিত চেকআপের জন্য মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে যাচ্ছিলেন। ফ্লাইওভারের টোল প্লাজার জ্যামে আটকে পড়ার সময় পেছন দিক থেকে বাসটি এসে সজোরে মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে স্ত্রী ছিটকে রাস্তায় পড়ে যান। তিনি আরও বলেন, ‘বাসটি নিয়ন্ত্রণহীন গতিতে এসে আমাদের ধাক্কা দেয়। এমন দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত।’
আহত রোকনুদ্দিন রানা বলেন, ‘আমি রাইড শেয়ার চালাই। ধোলাইপাড় থেকে যাত্রী নিয়ে হাতিরপুল যাচ্ছিলাম। জ্যামের মধ্যে বাসটি পেছন থেকে আমাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়।’
ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) আমির উদ্দিন জানান, দুর্ঘটনার পরপরই মঞ্জিল পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। ঘটনার বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
সিংড়ায় সেনাবাহিনীর অভিযানে ইমো হ্যাকার চক্রের ২ সদস্য আটক