ছিন্ন হলো মোহামেডান দিয়াবাতে সম্পর্ক 

আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৭:৩৭ পিএম

মোহামেডানকে চ্যাম্পিয়ন করিয়েই বিদায়ের সিদ্ধান্ত নিয়েছেন দলটির অধিনায়ক সুলেমান দিয়াবাতে। সাদা-কালোদের সঙ্গে দীর্ঘ আট বছরের সম্পর্ক ছিন্ন হওয়ার কথা নিজেই জানিয়েছেন মালির এই অভিজ্ঞ ফরোয়ার্ড। মোহামেডানের সঙ্গে সম্পর্ক ভেঙে গেলেও বাংলাদেশেই খেলার আগ্রহ এই স্ট্রাইকারের। তবে তার নতুন গন্তব্য কী হবে, সেটা জানাননি ৩৪ বছর বয়সী এই খেলোয়াড়।

বয়সকে সংখ্যায় পরিণত করে মোহামেডানের হয়ে টানা ছয় মৌসুম গোল করেছেন অসংখ্য। গত মৌসুমে মোহামেডানকে কাঙ্ক্ষিত লিগ শিরোপা এনে দিতেও ছিল তার বড় ভূমিকা। একটা সময় মনে হচ্ছিল মোহামেডানের হয়েই ক্যারিয়ার শেষ করবেন। শিরোপা জয়ের পর সেরা পারফরমারের মোহামেডানে থেকে যাওয়াটাই ছিল স্বাভাবিক। কিন্তু শিরোপা মোহামেডানের নিয়তি বদলায়নি। দল গঠনের রেসে পিছিয়ে পড়েছে মতিঝিল জায়ান্টরা। তারাই আর ধরে রাখতে চায়নি শেষ চার মৌসুমের অধিনায়ককে। তাই দিয়াবাতেও ঠিকানা বদলানোর সিদ্ধান্ত নিয়েছেন। 

মোহামেডানের হয়ে ১১২ ম্যাচে ৯৬ গোল করা দিয়াবাতে নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ক্লাবের সঙ্গে সম্পর্ক শেষ হয়ে যাওয়ার কথা জানিয়েছেন, ‘মোহামেডান ক্লাব এবার আমাকে না করে দিয়েছে। বলেছে আমাকে আর দরকার নেই। মোহামেডান ও আমার মধ্যে আর কোনও সম্পর্ক নেই।' হয়তো কিছুটা হতাশা থেকেই এ কথা বলেন দিয়াবাতে। তবে সৃষ্টিকর্তায় আস্থা রাখছেন সম্পূর্ণ, ‘আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। কোনও সমস্যা নেই। এখনই নতুন ঠিকানা কী হবে বলতে পারছি না। তবে এটা বলতে পারি বসুন্ধরা কিংসের সঙ্গে কোনও কথা হয়নি।'

শিরোপা জয়ের পরও পরের মৌসুমের দল গড়তে হিমসিম খেতে হচ্ছে মোহামেডানকে। বাজেটের অভাবে উচ্চ মূল্যের দিয়াবাতেকে ছাড়তে বাধ্য হয়েছে সাদা-কালোরা। প্রায় ১২ হাজার ডলার মাসিক বেতন দিতে হতো তাকে। নতুন মৌসুমের জন্য যা তাদের জন্য কঠিন। ক্লাবের নের্তৃত্ব নিয়ে সৃষ্ট জটিলতায় ফুটবল দলটি অভিভাবকশূণ্য হয়ে পড়েছে। ফুটবল কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর দায়িত্ব ছেড়েছেন। তাই অপেক্ষাকৃত কম বাজেটের দল গড়তে যাচ্ছে তারা। ক্লাবটির ফুটবল টেকনিক্যাল কমিটির অন্যতম কর্তা ইমতিয়াজ সুলতান জনি বলেন, ‘দিয়াবাতেকে এবার রাখতে পারছি না বলে আমাদের কাছেও খারাপ লাগছে। ও দলের হয়ে ভালো পারফরম্যান্স করেছে। বয়স, বেতনসহ নানা কারণে ওকে রাখা হচ্ছে না।'

দিয়াবাতের শূণ্যস্থাণ পূরণে গত মৌসুমে রহমতগঞ্জের হয়ে খেলা ঘানাইয়ান ফরোয়ার্ড বোয়েটাংকে নিয়েছে মোহামেডান। এছাড়া গত কয়েক মৌসুমে দলটির মধ্যমাঠের মূল অস্ত্র উজবেকিস্তানের মোজাফফরভকে রেখে দেওয়া এক প্রকার নিশ্চিত করেছে মোহামেডান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত