পার্লামেন্টে অনাস্থা ভোটে টিকে গেলেন ইইউ প্রেসিডেন্ট

আপডেট : ১০ জুলাই ২০২৫, ১১:৩১ পিএম

কট্টর ডানপন্থী আইনপ্রণেতাদের উত্থাপিত অনাস্থা ভোটে টিকে গেছেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন। বৃহস্পতিবার ইইউ পার্লামেন্টে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোট উত্থাপন করা হয়।

ভন ডার লেইন ও তার কমিশন বেআইনি কর্মকাণ্ডের মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের প্রতি জনগণের আস্থা নষ্ট করেছেন বলে অভিযোগ তুলে ছিলেন কট্টর ডানপন্থী আইনপ্রণেতারা।

তবে প্রত্যাশিতভাবেই প্রস্তাবটি পাস হওয়ার জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি। মাত্র ১৭৫ জন সংসদ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দেন। প্রস্তাবে বিরোধিতা করেন ৩৬০ জন এবং ভোট দেওয়া থেকে বিরত ছিলেন ১৮ জন।

রোমানিয়ান জাতীয়তাবাদী ঘিওর্ঘে পিপেরিয়া প্রস্তাবটির প্রধান উপস্থাপক। তার অভিযোগ, কোভিড-১৯ মহামারির সময় ভন ডার লেইনের সঙ্গে ফাইজার কোম্পানির প্রধান নির্বাহীর পাঠানো মেসেজগুলো প্রকাশ না করার সিদ্ধান্ত কমিশনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে।

তিনি বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এখন অস্পষ্ট ও স্বেচ্ছাচারী হয়ে উঠেছে, যা অনিয়ম ও দুর্নীতির আশঙ্কা সৃষ্টি করে। জলবায়ু পরিবর্তনের মতো ইইউর অতিরিক্ত আমলাতান্ত্রিক পদক্ষেপের খরচ ছিল বিশাল।’

উল্লেখ্য, ২০১৪ সালের পর এই প্রথম কোনো ইউরোপীয় কমিশন প্রেসিডেন্ট এমন অনাস্থা ভোটের মুখোমুখি হলেন। তখনকার প্রেসিডেন্ট জ্যঁ-ক্লোদ জাঙ্কারও অনাস্থা ভোটে টিকে গিয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত