রেজাল্ট খারাপ করায় শিক্ষার্থীর আত্মহত্যার চেষ্টা, বাঁচাল পুলিশ

আপডেট : ১১ জুলাই ২০২৫, ০২:২০ পিএম

এসএসসি পরীক্ষায় রেজাল্ট খারাপ হওয়ায় হতাশা ও মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যার চেষ্টা করার সময় রেলওয়ে পুলিশের তৎপরতায় এক শিক্ষার্থীর প্রাণ বেঁচে যায়। বৃহস্পতিবার (১০ জুলাই) নীলফামারীর সৈয়দপুর রেলস্টেশনে এ ঘটনাটি ঘটে। পরে তাকে তার মায়ের হেফাজতে দেওয়া হয়। মেয়ে শিক্ষার্থীটি রংপুরের তারাগঞ্জ উপজেলার দোয়ালিপাড়া গ্রামের বাসিন্দা ও সৈয়দপুর উপজেলার হাজীপাড়া দাখিল মাদরাসা থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে সারা দেশে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল, এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীটি মাদরাসার এক শিক্ষকের মাধ্যমে জানতে পারে পরীক্ষায় দুটি বিষয়ে সে অকৃতকার্য হয়েছে। এ কথায় সে মানসিকভাবে ভেঙে পড়ে। হতাশায় সে আত্মহত্যার সিদ্ধান্ত নিয়ে সৈয়দপুর রেলস্টেশনে প্যাল্টফর্মে রেললাইনের পাশে অবস্থান নেয়।

তার অস্বাভাবিক আচরণ ও গতিবিধি দেখে প্ল্যাটফর্মে দায়িত্বে থাকা সৈয়দপুর রেলওয়ে থানার পুলিশ সদস্যদের সন্দেহ হয়। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি সৈয়দপুর স্টেশনে কাছাকাছি পৌঁছলে মেয়েটি ট্রেনটির দিকে এগিয়ে যেতে থাকে। পরে রেলওয়ে পুলিশ দ্রুত মেয়েটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী দেশ রূপান্তরকে বলেন, আমরা ঘটনাটি দ্রুত পর্যবেক্ষণ করি এবং মেয়েটির অবস্থান সন্দেহজনক মনে হওয়ায় তাৎক্ষণিক ব্যবস্থা নিই। রেলওয়ে থানার নারী ও শিশু হেল্প ডেস্ক অফিসারের সহায়তায় প্রয়োজনীয় সাইকোলজিস্ট কাউন্সেলিংয়ের ব্যবস্থা করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মেয়েটিকে তার মায়ের জিম্মায় ফিরিয়ে দেওয়া হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত