বাংলাদেশ পুলিশ কুস্তি ও বক্সিং চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব সম্পন্ন হয়েছে। শুক্রবার (১১ জুলাই) রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। পুরুষ ও নারী বিভাগে কুস্তি এবং বক্সিং—দুই বিভাগেই চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
কুস্তিতে রানারআপ হয়েছে চট্টগ্রাম রেঞ্জ, আর বক্সিংয়ে দ্বিতীয় হয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম, বিপিএম। তিনি চূড়ান্ত প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যাডিশনাল আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মোসলেহ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা, যিনি বাংলাদেশ পুলিশ অ্যাথলেটিক্স, কুস্তি, বক্সিং, শরীরগঠন ও ভারোত্তোলন ক্লাবের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।
আইজিপি তার বক্তব্যে বলেন, ‘পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রে পুলিশ সদস্যদের অবদান অত্যন্ত প্রশংসনীয়। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে পুলিশের ক্রীড়াবিদদের সাফল্য আমাদের গর্বিত করে।’ তিনি কুস্তি ও বক্সিংয়ের মতো শারীরিক সক্ষমতাবর্ধক খেলায় অংশগ্রহণকে পুলিশ সদস্যদের মানসিক দৃঢ়তা বৃদ্ধির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ খেলোয়াড়, কোচ, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় দেশের বিভিন্ন পুলিশ ইউনিট থেকে মোট ৮৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
১৫৯৮ দিন পর টেস্টে ফিরে তৃতীয় বলেই উইকেট নিলেন জোফরা আর্চার
বিদেশে দুর্বল হলেও ঘরের মাঠে বাংলাদেশ বিপদজনক, সতর্ক হেসন