পদ্মা সেতুতে ৫ যানবাহনের সংঘর্ষে আহত ১২

আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৭:৫১ এএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের লৌহজংয়ে পাঁচটি যানবাহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে শিশু ও নারীসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১১টার দিকে লৌহজং উপজেলার মাওয়া প্রান্তে পদ্মা সেতু উত্তর থানার সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণে এক্সপ্রেসওয়েতে দুপুর ১২টা পর্যন্ত আধা ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শরীয়তপুরের জাজিরা থেকে ঢাকার দিকে যাওয়া ইমাদ পরিবহনের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনের গোসাইরহাট এক্সপ্রেসের একটি বাসকে ধাক্কা দেয়। এরপর ইলিশ পরিবহনের আরেকটি বাসও ধাক্কা খায়। পরপর তিনটি বাসের সঙ্গে একটি প্রাইভেটকার ও একটি জিপের সংঘর্ষ হয়। 

পদ্মা সেতু উত্তর থানার সংলগ্ন এক্সপ্রেসওয়ের সিসিটিভি ক্যামেরায় দুর্ঘটনার ভিডিও ফুটেজ সাংবাদিকদের হাতে এসেছে। ফুটেজে দুর্ঘটনার ভয়াবহতা স্পষ্ট হয়েছে। এছাড়া, দুটি মোটরসাইকেলের চালক ও আরোহীরা অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বলে ফুটেজে দেখা গেছে। 

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, তিনটি যাত্রীবাহী বাস, একটি প্রাইভেটকার ও একটি জিপের মধ্যে এই দুর্ঘটনা ঘটে। দ্রুত সময়ের মধ্যে এক্সপ্রেসওয়ে থেকে দুর্ঘটনাগ্রস্ত যানবাহনগুলো সরানো হয়েছে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। 

মাওয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) জিয়াউল হায়দার জানান, ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতু হয়ে ঢাকার দিকে যাচ্ছিল। মাওয়া খান বাড়ি এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান এবং সামনের দুটি বাসকে ধাক্কা দেন। এরপর একটি জিপ ও একটি প্রাইভেটকারের সঙ্গে তিনটি বাসের সংঘর্ষ হয়। ফলে পাঁচটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়।

শ্রীনগর উপজেলার হাঁসাড়া হাইওয়ে থানার ওসি আব্দুল কাদের জিলানী জানান, দুর্ঘটনাগ্রস্ত যানবাহনগুলো জব্দ করা হয়েছে। আইনি ব্যবস্থা দ্রুত নেওয়া হচ্ছে।

পদ্মা সেতু উত্তর থানার ওসি জাকির হোসেন জানান, এ ঘটনায় একজন গুরুতর আহত হলেও বাকিরা সামান্য আঘাত পেয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত যানবাহনগুলো জব্দ করা হয়েছে, তবে কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত