২০০৮ ও ১৮-এর নির্বাচনে বিএনপিকে যেতে বাধ্য করেছে জামায়াত: সোহেল

আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৯:০৩ পিএম

বিএনপির নির্বাহী কমিটি যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেছেন, বিগত ১৫/১৬ বছরে ২০০৮-১৮ সালে বিএনপি নির্বাচনে যেতে বাধ্য হয়েছে জেলে থাকার পরও। কারণ জামায়াতে ইসলামী আমাদের বারবার বলেছে যদি আপনারা নির্বাচনের না যান আমরা কিন্তু যাব। তখন নির্বাচনের পরিবেশ ছিল, এখন নাই। আমরা বাংলাদেশ নির্বাচন কমিশনকে বলব- একটা কথা মনে রাখবেন এরা কিন্তু ভোটে বিশ্বাস করে। এরা বিপদে পড়লে ভোটে যায়। এরা ভোটে বিশ্বাস করে না।

আজ শনিবার দুপুরে নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলাম এখন নতুন সুর শুরু করেছে ভোটের পরিবেশ নাই। ৮৬ সালে এদেশের শহীদদের রক্তের সঙ্গে বেঈমানি করে শেখ হাসিনা এরশাদের পাল্লায় নির্বাচনে গিয়েছিলেন। শেখ হাসিনা কিন্তু সেদিন একা যান নাই, শেখ হাসিনার হাত ধরে আরেকটি বেইমান দল শেখ হাসিনার হাত ধরেছিল সেদিন। এই দলের নাম আপনারা কি জানেন না। তখন নির্বাচনের পরিবেশ ছিল তাই না?

তিনি মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যবসায়ী নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে বলেন, আমরা কি ভাষায় এ ঘটনার প্রতিবাদ জানাব জানি না। মিটফোর্ড হাসপাতালের সামনে নৃশংসভাবে ব্যবসায়ী সোহাগকে হত্যার ঘটনায় জড়িতদের সবাইকে বিচারের আওতায় আনতে হবে। সেই সঙ্গে যে নেতারা যারা তাদের দলে ঢুকিয়েছে এই হত্যাকারীদের বহিষ্কার করার আগে আপনাদের বহিষ্কার করা উচিত।

এদিকে দীর্ঘ ১১ বছর পর কলমাকান্দা উপজেলা বিএনপির সম্মেলন সকাল থেকেই অডিটোরিয়াম কেন্দ্রে আসতে শুরু করেন নেতাকর্মীরা। দুপুরে জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা।

সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক আহ্বায়ক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, বিশেষ অতিথি ছিলেন বিএনপির ময়মনসিংহ বিভাগ জাতীয় নির্বাহী কমিটি সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। 

আগামী ২ বছরের জন্য কলমাকান্দা উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূইয়াকে নির্বাচিত করেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত